২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের বিরুদ্ধে একাই দাঁড়ালেন তিনি

সকালের ব্যস্ত সময়ে ঢাকার উত্তরার একটি ফুটওভার ব্রিজে একটি পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন এক নারী; চলতি পথে পথচারীদের অনেকের চোখ আটকে যায় তার পোস্টারে, থেমে কথাও বলেন কেউ কেউ।

নিজস্ব প্রতিবেদক

সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 07:58 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

তার পোস্টারের ভাষা দেখে সমর্থন জানালেন অনেকে; কেউবা পরামর্শ দিলেন সবাইকে নিয়ে নামতে হবে।

তার পোস্টারে লেখা ছিল- “একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন। #Be_a_real_man. #Stop_rape.”

নারীর প্রতি সহিংসতার চরম রূপ ধর্ষণের মতো অপরাধের বিষয়ে জনসচেতনতা তৈরিতে পথে নামা এই নারী আফসানা কিশোয়ার লোচন। তিনি কাজ করেন ঢাকার বেসরকারি একটি ব্যাংকে।

নিজের সাড়ে ছয় বছরের মেয়েকে স্কুলে দিয়ে রাজলক্ষ্মী ও আজমপুর ফুট ওভারব্রিজে সোমবার সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন আফসানা।

কেন এই পদক্ষেপ- প্রশ্নে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারিদিকে ধর্ষণের খবরে গতকাল রাতে আমার মনে হল, এই মানসিক চাপ আমি আর নিতে পারছি না। আই হ্যাভ টু ডু সামথিং। এমনিতে কিছু হলে তো আমরা শাহবাগে দাঁড়াই, সবাইকে একত্রিত করতে সময় লেগে যায়। তাই পোস্টার লিখে একাই দাঁড়িয়ে গেলাম।”

তার এই প্রতিবাদ দেখে আরও অনেকে সোচ্চার হবেন বলে আশাবাদী আফসানা।

 

“আসলে অন্যদের ইন্সপায়ার করতেই আমি দাঁড়িয়েছি। একা দাঁড়ালে কী হবে, মানুষ গালি দিবে না সাধুবাদ দিবে, আচরণ কেমন পাবে- এগুলো কিন্তু আমাদের একটা ভয় আছে। কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে একা দাঁড়ানোর ব্যাপারে।”

একা দাঁড়ানোয় কোনো সমস্যা হয়নি- জানতে চাইলে তিনি বলেন, “আমার কোনো সমস্যা হয়নি। আমার মেসেজ এটাই, আপনার কাজ আপনাকে করতে হবে। কেউ চাইলে যে কোনো অবস্থান থেকেই প্রতিবাদ হতে পারে।”

প্রতিক্রিয়া কেমন পেয়েছেন জানতে চাইলে আফসানা বলেন,“অনেকেই দাঁড়িয়ে পড়েছে লেখাগুলো। কেউ কেউ পরামর্শ দিয়েছে, একা দাঁড়িয়ে লাভ হবে না হয়ত। কেউ কেউ অবাক চোখে তাকিয়ে থেকে চলে গেছে।”