৫৭ ধারা: বগুড়ার কিশোরীর আগাম জামিন
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বগুড়ার এক কিশোরী, যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ এনেছেন ক্ষমতাসীন দলের দুই স্থানীয় নেতা।
বগুড়ার শেরপুরের একটি কলেজের ছাত্রী ওই কিশোরী সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের জামিন দেয়।
জামিন শুনানিতে ওই কিশোরীর পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
কায়সার কামাল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার এ মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে (এফআইআর) আসামির বয়স লেখা হয়েছে ১৬ বছর। সে হিসেবে এখনও সে অপ্রাপ্তবয়স্ক। বয়স ও জেন্ডার বিবেচনায় নিয়ে আদালত তাকে আগাম জামিন দিয়েছে।”
গত ২০ মার্চ ওই কিশোরীর নামে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে বগুড়ার শেরপুর সেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব এবং শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এএসএম শাকিল গত ২৪ মার্চ শেরপুর থানায় ৫৭ ধারায় মামলা করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, ওই কিশোরী আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আট সপ্তাহের জামিন মঞ্জুর করে।
