২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি মামলায় অভিযোগপত্র জমার নতুন তারিখ ৩ মে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দিতে আবারো ব্যর্থ হয়েছে তদন্ত সংস্থা সিআইডি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:57 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার মামলার অভিযোগপত্র দাখিলের দিন ছিল।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন  জমা না দেওয়ায় আগামী ৩ মে নতুন দিন রেখেছেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী।

আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে প্রতিবেদন দাখিলের মোট ২১টি তারিখ পেছানো হল।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। তার মধ্যে দেড় কোটি ডলার ফেরত এলেও বাকি অর্থ উদ্ধারে এখনও তেমন কোনো অগ্রগতি নেই।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা এ মামলা করেন।

এদিকে ফিলিপিন্সে যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে দেশটির রিজল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এপ্রিলেই এই মামলা করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ৫ মার্চ জানিয়েছিলেন।

পুরনো খবর:

রিজার্ভ চুরি: অর্থ উদ্ধারে মামলা এপ্রিলে