২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের পেছনে রেখে দেশ উন্নয়নশীল হবে না: মেনন

দেশের মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ প্রতিবন্ধীদের পেছনে রেখে উন্নয়নশীল দেশে উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 09:00 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে ‘প্রতিবন্ধিতার ঝুঁকি ও ঝুঁকি নিরসনের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, দেশ জাতিসংঘের উন্নয়নের তিনটি শর্ত পূরণের মাধ্যমে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। উন্নয়শীল দেশ হতে আরও ছয়টি বছর উন্নয়নের এই ধারাকে অব্যাহতভাবে এগিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে এসডিজি বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে।

“সেখানে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। এই জন্য আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়াকে আরো অন্তর্ভুক্তিমূলক করতে হবে। আজকে দেশে ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধিতার শিকার। এই ১০ শতাংশকে মানুষকে আপনি পিছনে ফেলে তো এগুতে পারবেন না।তাদেরকে উন্নয়নের মূল ধারাতে নিয়ে আসতে হবে। তাদের নিরাপত্তা, পূণর্বাসনের ব্যবস্থা করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।”

প্রতিবন্ধীরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভাবান উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমি যখন বিমানমন্ত্রী ছিলাম, সেই সময় কিছু প্রতিবন্ধীর পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম। তখন দেখেছি যে, প্রতিবন্ধীদের যদি চাকরি দেওয়া হয় তাহলে তারা অনেক ভাল কাজ করে। কারণ তাদের লক্ষ্য একদিকে থাকে, ১০ দিকে লক্ষ্য থাকে না।”

দেশর উন্নয়ন প্রক্রিয়ায় নানা বৈষম্য রয়েছে উল্লেখ করে মেনন বলেন, “তবে বিশেষ করে নারী-পুরুষের মধ্যে বৈষম্য লক্ষ্য করি। যারা অটিজমে আক্রান্ত তাদের ক্ষেত্রে বৈষম্যটা বেশি, এদের মধ্যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বৈষম্য বেশি।”

এসব বৈষম্য দূর করতে নারী ও বালিকাদের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার জন্য জোর দেন সমাজকল্যাণমন্ত্রী।

দারিদ্র্যতার সঙ্গে অটিজমের আন্তঃসম্পর্ক রয়েছে বলে সেদিকে বিশেষ নজর দেওয়ার উপর জোর দিনে তিনি।

মেনন বলেন, গ্রামাঞ্চলে বাচ্চাদের জন্মদানের প্রক্রিয়া থেকে অটিজমের সূত্রপাত হয়ে থাকে। প্রসবজনিত কারণে এটা বেশি হয়ে থাকে।

“এই বিষয় সম্পর্কে আমাদের নারীদেরকে এগিয়ে নিয়ে আসা এবং দারিদ্র্য নিরসনে যে কর্মসূচি রয়েছে, সেগুলোকে এগিয়ে নিতে হবে।”

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. রেজাউল কবির।

অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী।