বাংলাদেশ থেকে ভারতে যেতে চেয়েছিল শখানেক রোহিঙ্গা: বিএসএফ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১০০ জন ভারতে যেতে চেয়ে ব্যর্থ হয়েছে বলে বিএসএফের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৩ কিলোমিটার এলাকার দায়িত্বে থাকা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ভারপ্রাপ্ত আইজি আজমল সিং কাটাথ এ তথ্য জানান।
বুধবার কলকাতার লর্ড সিনহা রোডে ফ্রন্টিয়ার হেড কোয়ার্টারে বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ও বিএসএফের ব্যবস্থাপনায় বাংলাদেশি সাংবাদিকের এই প্রতিনিধি দল বুধবার কলকাতা পৌঁছায়। বৃহস্পতিবার তাদের সুন্দরবন এলাকা ঘুরে দেখানো হয়। বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে ভারতের এটি তৃতীয় আয়োজন।
মতবিনিময়ে রোহিঙ্গা প্রসঙ্গ উঠলে বিএসএফের ডিআইজি আজমল সিং বলেন, “এখন পর্যন্ত প্রায় ১০০ জন রোহিঙ্গা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। বিজিবির সহায়তায় আমরা তাদের ভারতে ঢুকতে বাধা দিয়েছি।
“বিজিবির সঙ্গে আমাদের এ বিষয়ে নিয়মিত তথ্য আদান-প্রদান হচ্ছে।”
অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
গত বছর অগাস্টের শেষ দিকে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর যখন বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা ঢল নাম সে সময় ভারত সীমান্তেও ভিড় করেন অনেক রোহিঙ্গা। তবে তাদের ফিরিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সার্বিক কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন কমান্ড্যান্ট (অপারেশনস) রগনেশ কুমার।
তিনি জানান, তাদের দায়িত্বে থাকা সীমান্তে (সুন্দরবন থেকে দিনাজপুর) গত তিন বছরে ‘নন-লেথাল’ বা মরণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহারও কমেছে।
সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবির সঙ্গে ‘পারস্পরিক আলোচনার’ কারণে অস্ত্রের ব্যবহার কমেছে বলে দাবি করেন এই বিএসএফ কর্মকর্তা।
বিএসএফের তথ্য অনুযায়ী, নন লেথাল পাম্প অ্যাকশন গান ২০১৬ সালে যেখানে ৭৫৩ বার ব্যবহার হয়েছে সেখানে ২০১৮ সালে নেমে দাঁড়িয়েছে ৪১- এ। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৩০২। আর মারণঘাতী অস্ত্র ২০১৬ সালে ৯৬ বার ব্যবহার হলেও ২০১৮ সালে এখন পর্যন্ত ব্যবহার হয়েছে একটি।
ভারপ্রাপ্ত আইজি আজমল সিং বলেন, “সীমান্তের যে কোনো বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আমাদের বোঝাপড়া চমৎকার। কোনো সমস্যা হলে বৈঠকের মাধ্যমে আমরা ওই দিনই তা সমাধানের চেষ্টা করি। সেটা হোক কোনো ছোট কিংবা বড় গুরুত্বপূর্ণ কোনো ইস্যু।”
সম্প্রতি যশোরে আট কিলোমিটারের কিছু বেশি সীমান্ত অপরাধমুক্ত অঞ্চল ঘোষণা করেছে দুই দেশ।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আজমল সিং বলেন, “এটা আমাদের একটি পাইলট প্রকল্প। ওখানে অপরাধ একবারেই হচ্ছে না, এটা বলা যাবে না। তবে এর সফলতার উপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
