২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার আইনের বিধিই মানবাধিকার বিরোধী: কমিশন সদস্য

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার প্রতিকার করতে না পারার জন্য আইনি সীমাবদ্ধতাকে দায়ী করেছেন কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 07:19 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

তিনি বলেছেন, “অনেকেই হয়ত জানেন না, মানবাধিকার কমিশনের আইনে একটা বিধি আছে সেখানে, শৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন হলে সেটা তদন্ত করা যাবে না। কেবল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রতিবেদন চাইতে পারা যাবে। এখানে হচ্ছে সবচেয়ে বড় বাধা।

“এই যে পার্বত্য চট্টগ্রাম এবং সমতল অঞ্চলে যে সকল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রধানত ঘটে কিন্তু শৃঙ্খলাবাহিনীর দ্বারাই।”

বৃহস্পতিবার ঢাকায় কাপেং ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১৭’ প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন মানবাধিকার কমিশনের এই সদস্য।

তাই মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য আইন সংশোধনের সুপারিশ করেন বাঞ্ছিতা চাকমা।

Image
মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা

মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা

অনুষ্ঠানে পাহাড় ও সমতলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।

তিনি জানান, ২০১৭ সালে পার্বত্য চট্টগ্রামে অন্তত সাতজনসহ মোট ১০ জনকে হত্যা, পার্বত্য চট্টগ্রামে ১৪১ জন আদিবাসী অধিকারকর্মী ও নিরীহ গ্রামবাসীকে গ্রেপ্তার, সাময়িক আটক এবং ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নিপীড়ন-নির্যাতন ও হামলায় ২০৩জন আহত হয়েছেন এবং ৭৯টি ঘরবাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে ২০১৬ সালে অগ্নিসংযোগ, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের ঘটনায় উচ্ছেদ হওয়া ১২০০ সাঁওতাল পরিবারকে এখনও একটি ‘সন্তোষজনক সমাধান’ দেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন পল্লব চাকমা।

২০১৭ সালে আদিবাসী নারীর বিরুদ্ধে মোট ৪৮টি সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, এসব ঘটনায় মোট ৫৮জন আদিবাসী মেয়েশিশু যৌন বা শারীরিকভাবে আক্রমণের শিকার হন। যার মধ্যে, ধর্ষণের শিকার হয় কমপক্ষে ১২জন, ৯ জনকে হত্যা ও ধর্ষণের পর হত্যা এবং ৯ জনকে শ্লীলতাহানি বা ধর্ষণের চেষ্টা করা হয়।

এসবের মধ্যে ৪ আদিবাসী নারী গণধর্ষণ এবং আটজন নারী ও কিশোরীকে অপহরণের ঘটনা ঘটে বলে উল্লেখ করেন পল্লব চাকমা। এক্ষেত্রে ৪৮ ঘটনায় জড়িত হিসাবে ৭৫ জনের মধ্যে ৬৪ জন বাঙালি ছিল বলে জানান তিনি।

অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য উষাতন তালুকদার বলেন, “দুইটা মারমা নারীকে কোন অজ্ঞাত কারণে, কী আইনের বলে একটি জেলা পরিষদ প্রশাসকের বাড়িতে পুলিশি প্রহরায় রাষ্ট্র কর্তৃক আটকিয়ে রাখা হয়েছে? কেউ কিছু বলতে পারে না।

Image
দুই মারমা তরুণীকে হয়রানিতে জড়িতদের বিচারের দাবিতে ঢাকায় পাহাড়িদের বিক্ষোভ (ফাইল ছবি)

দুই মারমা তরুণীকে হয়রানিতে জড়িতদের বিচারের দাবিতে ঢাকায় পাহাড়িদের বিক্ষোভ (ফাইল ছবি)

“চাকমা রাজা ও রানি অপমানিত হয়েছেন, তাদের প্রতি সহানভূতি দেখানোর কারণে। এখনও কেন জানি তাদেরকে সেখানে রাখা হয়েছে। সরকার কিছু বলছে না, কেউ কিছু বলছে না।”

গাইবান্ধার ঘটনা স্মরণ করে তিনি বলেন, “গাইবান্ধায় পুলিশই আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে হিন্দু ছিল ওসি। তাহলে সংখ্যালঘু হয়েও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে পারেন না। তার মানে, সমস্যাটা ব্যবস্থায়। এই ব্যবস্থাকে যদি সুন্দরভাবে ঢেলে সাজানো না, তাহলে এটার প্রতিবিধান হবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, “প্রতিবছরই প্রতিবেদন দেওয়া হয়, কিন্তু এর ভাষা বদলাচ্ছে না, পরিসংখ্যান বদলাচ্ছে না। তার মানে প্রতিকারহীন অবস্থায় আছে।”

১৯৯৭ সালে করা পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়া এই সমস্যা সমাধানের পথ খুলছে না বলে মনে করেন তিনি। 

রোহিঙ্গাদের কারণে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সমাজ বিজ্ঞানের এই অধ্যাপক।

“এমনিতে জনমিতি পরিবর্তন হয়ে আছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সেখানে ছড়িয়ে পড়তে পারে। তাদের চেহারার যে আদল মনে হবে তারা আদিবাসী। তবে কথা বললে হয়ত বোঝা যাবে আদিবাসী নয়। কিন্তু এখানে যে টেনশন কনফ্লিক্ট তৈরি হতে যাচ্ছে, সেটার জন্য সতর্ক হতে হবে।”

বিশ্ববিদ্যালয় ভর্তির কোটার ক্ষেত্রে চাকমারা এগিয়ে আছে উল্লেখ করে অন্য জনগোষ্ঠীকেও এগিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান এই শিক্ষক।

Image
রাঙামাটির লংগদুতে গত বছর পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ (ফাইল ছবি)

রাঙামাটির লংগদুতে গত বছর পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ (ফাইল ছবি)

আদিবাসী ও নিরীহ মানুষের অধিকার রক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন অধিকারকর্মী সুলতানা কামাল।

মানবাধিকার লঙ্ঘনের কারণে বহু আদিবাসী ‘নীরবে দেশত্যাগ’ করছে দাবি করে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম কমিশনের যে রিপোর্টটি হয়েছিল প্রথমে, সেটার নাম ছিল ‘দিস ল্যান্ড ইজ নট আওয়ার্স’ অর্থাৎ এটা আমার দেশ নয়।

“আমাদের দেশের কিছু লোককে এখনও ভাবতে হচ্ছে, এই দেশ আমার না। কেন মনে হচ্ছে, কেননা এই দেশ আমাকে আশ্রয় দিচ্ছে না, এ দেশটা আমার পাশে দাঁড়াচ্ছে না, এই দেশটা যখন আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে তখন সেই অধিকার লঙ্ঘনের বিচার করছে না।”

তিনি বলেন, “মানবাধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কিংবা সরকারের লোকদের সঙ্গে কথা বলি, তখন একটা কথা আছে, কেন আমেরিকায় মানবাধিকার লঙ্ঘন হয় না? অমুক জায়গায় হয় না, ভারতে হয় না?

“লঙ্ঘিত হচ্ছে। হয়ত তারা বিচার করছে না। কিন্তু সেটাই কি আমাদের অনুসরণীয় হবে?”

সুলতানা কামাল বলেন, “আজকে যারা নেতৃত্বে আছেন, এবং বঙ্গবন্ধুর দল বলে আমাদের সমাজের সমস্ত সুযোগ-সুবিধা তারা দাবি করেন। তাহলে সে জায়গা থেকে তাদের যে দায়িত্ব, সেটা কেন পালন করেন না?

“তারা বলে, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য তারা রাজনীতি করছে। তাহলে আমরা সেটার সঙ্গে মিল খুঁজে পাই না কেন? সেটার উত্তর তারা দিতে বাধ্য। আজকে সরকারের কাছে সেটাই আমাদের দাবি।”

কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, অক্সফ্যামের কর্মসূচি পরিচালক এম বি আক্তার বক্তব্য দেন।