৫ সিটিতে ভোটে ‘সবুজ সংকেত’ ইসিকে
জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে মত চাওয়ার পর বুধবার এই জবাব এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
ফলে এইচএসসি পরীক্ষার পর এবং রোজার আগে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন করতে ইসি এগিয়ে যেতে পারছে। এই দুটি নগরীতে আগে ভোট করতে চায় ইসি।
গাজীপুর ও খুলনার পাশাপাশি রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মেয়াদও এই বছরই শেষ হচ্ছে।
গাজীপুরের ৪ সেপ্টেম্বর এবং খুলনার ২৫ সেপ্টেম্বর মেয়াদ শেষ হচ্ছে। সিলেটের ৮ অক্টোবর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর মেয়াদ ফুরোচ্ছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।
সেই সময় চলে আসায় ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে পরামর্শ চাওয়া হয়। আইনি জটিলতা না থাকলে নির্বাচন আয়োজনে বাধা না থাকার কথা স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আগেই জানিয়েছিলেন।
ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্থানীয় সরকার বিভাগের ক্লিয়ারেন্স পেয়েছি, আইনগত ও সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নেই। ৩১ মার্চ কমিশন বৈঠক করে দুটি সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করবে।”
ইসি কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনি জটিলতায় তা বন্ধ হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় কমিশনকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন কোনো বিতর্কে বা সমালোচনার মুখে পড়তে না হয়, সেজন্য স্থানীয় সরকার বিভাগের মতামত নেওয়া হল।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গত ১৯ মার্চ বলেছিলেন, “৫ সিটি করপোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে।”
ইসি কর্মকর্তারা জানান, ২ এপ্রিল থেকে ৪ মে এইচএসসি পরীক্ষার সূচি রয়েছে। ১৭ মে থেকে শুরু হবে রোজা। সেক্ষেত্রে ৪০-৪৫ দিন সময় রেখে মে মাসের দ্বিতীয় ভাগে কোনো এক দিন দুই সিটির ভোট হবে।
