অস্বস্তিকর গরমে বৃষ্টিপাতের আভাস
চৈত্রের মাঝামাঝি এসে উত্তাপ ছড়াচ্ছে আবহাওয়া; আর্দ্রতাও বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভব হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা বাড়বে। এসময় বজ্র বৃষ্টির প্রবণতাও রয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৬৩%।
বুধবারের পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এসময় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
মার্চ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আগেই দীর্ঘমেয়াদী আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
তাতে বলা হয়, দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
