২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের শেষ দিকে তাপদাহের আভাস

চলতি মার্চ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

সেই সঙ্গে চার-পাঁচ দিন শিলাবৃষ্টিসহ কালবোশেখিও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এবার শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গরম বেশি অনুভূত হচ্ছে রাজধানী ঢাকায়।

মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।”

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত বছর ২৪ মে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস; ওই দিন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালেও গরমের মৌসুমে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে উঠেছিল।

এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

ফাগুনের শেষ সময়ে এসেও অনেক এলাকায় আকস্মিক ঝড়ের দাপট হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবোশেখি এবং দেশের অন্যত্র ৪-৫ দিন শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি কালবোশেখি কিংবা বজ্র-ঝড় হতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেব্রুয়ারির শেষ সময়ে এসে হঠাৎ করে যে কোনো এলাকায় ঝড়ো হাওয়া সৃষ্টি হয়। এটা স্বাভাবিক আবহাওয়া। মার্চ-এপ্রিল পর্যন্ত কালবোশেখির প্রবণতা থাকবে।”

পুরনো খবর:

সিডনিতে ৮০ বছরে সর্বোচ্চ তাপমাত্রা