২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল কারাগারে

অবৈধভাবে দেড় কোটি টাকার বেশি উপার্জন করে সে তথ্য গোপনের মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদুল আলম। শুনানির পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া বাদী হয়ে গত ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগান ও রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেছেন বলে রমনা থানার মামলায় অভিযোগ করা হয়।

আর কলাবাগান থানার মামলায় বলা হয়, তিনি ১ কোটি ৭০ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করে সে তথ্য গোপন করে মুদ্রাপাচারের অপরাধ করেছেন।

দুই মামলায়ই হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনের পর জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন শহীদুল আলম। তবে ওই জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির না হয়ে জামিনের শর্ত ভঙ্গ করেন তিনি।

রমনা থানার মামলায় হাই কোর্ট থেকে গত বছরের ৬ নভেম্বর ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান শহীদুল। পরে ১৭ ডিসেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক কামরুল হোসেন মোল্লা ২২ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

অপর মামলায়ও গত ১৩ নভেম্বর হাই কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন নেন শহীদুল। পরে ১৭ ডিসেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

শহীদুল আলমের পক্ষে এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী ছিলেন জাহিদুল ইসলাম।