স্বাধীনতার ৪৭ বছরে সামর্থ্যের প্রকাশ
ঊনিশ একাত্তর সালে স্বাধীন দেশ হিসেবে যে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, নানা চড়াই-উৎরাই পেরিয়ে এবার তার ৪৭ বছর পূর্তি উদযাপনে এসেছে নতুন অনুসঙ্গ।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করে এবার পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির আত্মপরিচয় অর্জনের দিন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ।
দেরিতে হলেও অর্থনীতির সামর্থ্যের প্রকাশই যে এবারের উদযাপনে গুরুত্ব হয়ে এসেছে, তার প্রকাশ ঘটেছে দিবসটিতে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের বাণীতে।
তিনি বলেছেন, “বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তিনটি সূচকের মানদণ্ডেই বাংলাদেশ উন্নীত হয়েছে। এটি জাতি হিসেবে বাঙালির বড় সাফল্য।”
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং তার পর দেশের উল্টো যাত্রা না ঘটলে আরও আগেই তা ঘটত বলে মন্তব্য করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তেইশ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।
২৫ মার্চ কালরাত স্মরণে আলোর মিছিল
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের বেতারে তার এই ঘোষণা প্রচারিত হয়।
অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
তিনি বাঙালি জাতিকে শত্রুর মোকাবেলা করার আহ্বান জানান। কার্যত সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যার পথ ধরে কালরাতের পর শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব।
বঙ্গবন্ধুর ওই ভাষণের বিশ্বস্বীকৃতিও এবারের স্বাধীনতা দিবস পালনে নতুন মাত্রা যোগ করেছে।
নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
একাত্তরের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে জাতীয়ভাবে রোববার ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করেছে বাংলাদেশ। কালরাত স্মরণে এক মিনিট বাতি নিভিয়ে রাখার মতো ব্যতিক্রমী আয়োজনও ছিল এবার প্রথম।
সেই রাত পেরিয়ে সোমবার স্বাধীনতা দিবসে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ছুটির দিনে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হবে গৌরবের দিনটি।
ভোরে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনার পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন।
রাষ্ট্রপতি ও সরকার প্রধানের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ।
স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারই প্রথম স্বাধীনতা দিবসের দিন সকাল ৮টায় সারাদেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত গাওয়া হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে নানা তথ্যচিত্রে সাজানো হয়েছে ঢাকার সড়কগুলো
রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসীসহ প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত।
গণতন্ত্রের বিকাশ ও প্রাতিষ্ঠানিকীকরণের জন্য সংযম ও পরমতসহিষ্ণুতা উপর জোর দিয়ে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে দেশবাসী এবং প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে বলেছেন, আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙ্গার দিন।…লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।
“এ অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে।”
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধীদের যে কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আসুন, সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই। সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। আজকের এ ঐতিহাসিক দিনে এই হোক আমাদের অঙ্গীকার।”
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং রাতে আলোকসজ্জায় সজ্জিত করা হবে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলো। রাজধানীর সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকাসহ নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
অলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছে স্কুল শিক্ষার্থীরা
স্বাধীনতার দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলোয় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে।
শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
স্বাধীনতা দিবসে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় দুপুর ২টা হতে সূর্যান্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাক টিকেট প্রকাশ করবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ এ ধরনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
