২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতি নিভিয়ে কালরাত স্মরণ

বাঙালির ইতিহাসে বিভীষিকাময় রাতটি বাতি নিভিয়ে স্মরণ করা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 10:27 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

রোববার রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য নামল অন্ধকার; একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণে এই ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল।

একাত্তরের কাল রাত স্মরণে এ ধরনের কর্মসূচি এবারই প্রথম পালিত হল।

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কেন্দ্রীয়ভাবে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা হবে না। নিজ নিজ উদ্যোগে বাতি নিভিয়ে এক মিনিট এই প্রতীকী কর্মসূচিতে যোগ দিতে হবে।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে কাল রাতের কর্মসূচি পালনকালে ব্ল্যাক আউটের সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ঢাকা অফিসার্স ক্লাবে কর্মসূচি পালন শেষে মোমবাতি প্রজ্জ্বলন করেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহিল মারুফ।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।

আবদুল্লাহিল মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের উদ্যোগে প্রথমবারের মতো এই প্রতীকী কর্মসূচি পালন হল। কেন্দ্রীয়ভাবে গ্রিড লাইন বন্ধ করা সম্ভব ছিল না, তাই ব্যক্তিগত উদ্যোগের ওপর সব হয়েছে।”

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, নির্বিচারে চলেছিল হত্যাকাণ্ড। ওই রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।

পাকিস্তানি বাহিনীর সেই নৃশংসতার পর রুখে দাঁড়িয়েছিল বাঙালি, স্বাধীনতার জন্য শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম, তার পথ ধরে এসেছিল স্বাধীনতা।

এক মিনিটের ‘ব্ল্যাকআউট’র আগে-পরে আলো জ্বালিয়ে সেই অন্ধকার রাতের ভয়াবহতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পালন করে বিভিন্ন সংগঠন।

Image
প্রদীপ জ্বালিয়ে ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন

প্রদীপ জ্বালিয়ে ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন

শহীদ মিনারে ৪৭টি মশাল জ্বালিয়ে আলোর মিছিল বের করে ঘাতক-দালাল নির্মূল কমিটি।

তার আগে সমাবেশ থেকে পাক বাহিনীর এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়। 

এই অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় বিএনপিকে বয়কটের আহ্বানও জানান।

Image
২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে রোববার রাত কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল হাতে তিন রাজনীতিক তোফায়েল আহমেদ,রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।

২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে রোববার রাত কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল হাতে তিন রাজনীতিক তোফায়েল আহমেদ,রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।

একাত্তরের ২৫ মার্চের প্রেক্ষাপট বর্ণনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি, মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “পাকিস্তানি সেনাবাহিনী ইতিহাসের একটি নিকৃষ্ট গণহত্যা তারা সংঘটিত করেছিল। আমাদের দুর্ভাগ্য, আমাদের গণহত্যার দিনটিকে আজকে আন্তর্জাতিকভাবে এখনও স্বীকার করে নেওয়া হয়নি। অবশ্যই একে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করতে হবে। সেই স্বীকৃতির লড়াইটা আমাদের সামনে বাকি।”

একাত্তরের ২৫ মার্চে রাতে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হওয়ায় এবার দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “ঘৃণা জানাবার ভাষা নাই। আজকে দিনটিও বিএনপি পালন করছে না।”

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “বাংলাদেশে পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় বিএনপি। পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়, পাকিস্তানের দালাল, পাকিস্তানের ভূত খালেদাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তাই কেবল বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখব। এটাই আজকের অঙ্গীকার হোক।”

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, “পঁচিশে মার্চে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা আদায় করতে পারতাম, কিন্তু তা করতে পারিনি। তারপরেও আমাদের হতাশ হলে চলবে না। স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।”

অনুষ্ঠানের ঘোষণাপত্রে বলা হয়, আর্মেনিয়া গণহত্যার স্মরণে ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসাবে জাতিসংঘ স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রস্তাব গৃহীত হওয়ার সুযোগ নেই।

এ প্রসঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “সেহেতু দিবসের স্বীকৃতি আদায়ের সুযোগ নাই, সেহেতু বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা আমাদের চালাতে হবে।”

শহীদ মিনারের অনুষ্ঠানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারও বক্তব্য দেন।

নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য বিচার শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন শহীদ পরিবারের সন্তান ডা. নুজহাত চৌধুরী।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “এই রাতের একটি ভয়াবহতা আছে, সেটি হচ্ছে এই রাতে একটি গণহত্যা হয়েছে। এটি একটি জেনোসাইড। সেই জন্য আমরা চাই, এই দিবসটিকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়া হোক।”

২৫ মার্চ কালরাতে বঙ্গবন্ধুর ধনমন্ডির ৩২ নম্বরের বাড়ির পাশের বাড়িতেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ। 

Image
২৫ মার্চ কালরাত স্মরণে রোববার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মশাল হাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির মিছিল।

২৫ মার্চ কালরাত স্মরণে রোববার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মশাল হাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির মিছিল।

সেই দিনের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “সারাটা দিন এই ঢাকা শহর থমথম ছিল। যখন সন্ধ্যা নামলো তখন কেমন যেন মনে হল এটা অচেনা একটা পরিবেশ।

“সন্ধ্যার পর আমাদের বাসায় একটা টেলিফোন এলো। বাবা ফোন ধরলেন। ওপাশ থেকে বললো ‘আমি বাংলায় কথা বলছি, সেনানিবাস থেকে বলছি। এইমাত্র শেখের বাড়ির দিকে একটা কনভয় গেলো’। আমার বাবা বঙ্গবন্ধুর বাড়িতে গেলেন, তাকে এ কথা বললেন। সে সময় ওই বাড়িতে অনেকেই ছিলেন। বাবার কথা শুনে বঙ্গবন্ধু কিছুটা গম্ভীর হয়ে বললেন, ‘তোমরা সাবধানে থেকো আর তোমরা বাড়ির দরজাটা খোলা রেখো।”

আবেগঘন এই স্মৃতি স্মরণ করে এ অধ্যাপক বলেন, “শহরে অনেক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছিলো। আমরা ভাবলাম আমরা কেউই বাঁচব না। তারপর হঠাৎ বঙ্গবন্ধুর বাড়ি থেকে একটা ট্রাক বেরিয়ে গেলো। সব নিশ্চুপ হয়ে গেল। তারপর কেউ একজন বলে উঠলো জয় বাংলা। বঙ্গবন্ধুর বাড়ির একজন কর্মচারী এসে বলে গেলেন, ‘এই মাত্র আর্মি সাহেবকে ধরে নিয়ে গেল’।”

গণহত্যা দিবসে রোকেয়া হল আয়োজন করে ‘রোকেয়া হলের বীর নারী ও কর্মচারীদের স্মরণে আলোচনা অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি।

Image
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রোববার শিল্পকলা একাডেমি আয়োজন করে ৭১ বর্বরতা শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রোববার শিল্পকলা একাডেমি আয়োজন করে ৭১ বর্বরতা শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী।

২৫ মার্চ কালরাতে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ছিলেন দর্শন বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক রওশন আরা। সে রাতের স্মৃতি স্মরণ করে দীর্ঘ বক্তব্য দেন এই অধ্যাপক।

“ওই রাতে ৭ জন শিক্ষার্থী হলে ছিলেন। রাত ১১টায় সার্চ লাইটের আলোয় বিশ্ববিদ্যালয় এলাকা আলোকিত হয়ে যায়, চারদিকে শুধু গুলির শব্দ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আয়োজন করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের স্মরণে স্থাপনা শিল্পের (ইলাস্ট্রেশন) প্রদর্শন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘরও; মুক্তিযুদ্ধ শহীদদের সন্তান ও নতুন প্রজন্মের একঝাঁক তরুণ-তরুণী মোমবাতি হাতে এই কর্মসূচিতে অংশ নেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, “আজ আমরা অকুতোভয় মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। আমরা আলো এনেছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। যেসব শহীদরা বাংলার মুক্তি সংগ্রামে আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণে আজকের আলোক প্রজ্জলন।”

Image
২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে ‘প্রাণের ৭১’ সংগঠনের শ্রদ্ধা নিবেদন।

২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে ‘প্রাণের ৭১’ সংগঠনের শ্রদ্ধা নিবেদন।

স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুরের শহীদ আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হামিদ ও শহীদ বুদ্ধিজীবী আব্দুল মোক্তাদিরের মেয়ে ইলোরা মোক্তাদির।

ইলোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা পাক বাহিনীর শোষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলতেন, এটাই ছিল তার অপরাধ। তারা তালিকা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ অন্যান্য বুদ্ধিজীবীদের হত্যা করে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোক্তাদিরকে ২৬ মার্চ ১২ নম্বর ফুলার রোডের বাসায় এসে গুলি চালিয়ে হত্যা করে যায় পাকিস্তানি সৈন্যরা। ইলোরা ছিলেন তখন মাতৃগর্ভে।

মায়ের কাছে শোনা সেদিনের কথা বলেন ইলোরা।

“বাবাকে গুলি করতে দেখে মা জ্ঞান হারান। পরে তার বাবার লাশ টেনে হিঁচড়ে ব্রিটিশ কাউন্সিলে ফেলে যায়। আমার দুজন আত্মীয় গিয়ে লাশ এনে নানাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন।

“বাবাকে তারা বলেছিল- ‘তুম জয় বাংলা বলতাহো, পাকিস্তান নেহি মানতা’। তিনি নিশ্চুপ ছিলেন, ঘৃণার বহিঃপ্রকাশ ছিল তার চোখে মুখে। তারা বাবাকে আত্মসমর্পণ করতেও বলেছিল। আমার এক চাচা আত্মসমর্পণ করলেও বাবা করেননি। তাই তাকে হত্যা করা হয়।”