বিশ্ব পানি দিবস এবার পালিত হবে ২৭ মার্চ
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্যে উদযাপন করতে গিয়ে এবার যথাসময়ে বিশ্ব পানি দিবস পালন করতে পারেনি বাংলাদেশ।
এই কারণে আগামী ২৭ মার্চ মঙ্গলবার দিনটি পালনে কর্মসূচি নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
১৯৯৩ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে সারাবিশ্বে ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করে।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে।”
এ বছর বিশ্ব পানি দিবসের প্রাতিপাদ্য- ‘পানির জন্য প্রকৃতি।’
দিবসের মূল অনুষ্ঠান হবে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হবে।
সব জেলা-উপজেলায়ও নানা কর্মসূচি থাকবে দিবসটি পালনে।
মন্ত্রী মঞ্জু বলেন, এ মন্ত্রণালয়ের সূচনালগ্ন হতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সেচ সুবিধা সম্প্রসারণ করেছে। পাশাপাশি নদীর তীর সংরক্ষণের ফলে গুরুত্বপূর্ণ শহর, বন্দর, স্থাপনা রক্ষা করছে।
দুর্যোগ মোকাবেলায় যে কোনো সময়ের চাইতে প্রস্তুতি ভালো দাবি করে তিনি বলেন, “স্থানীয় জেলা প্রশাসকের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন।”
তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ মন্ত্রণালয়ের আসলাম বেশি দিন হয়নি। তিস্তা পানি বণ্টন চুক্তি বিষয়ে একটা ভিন্ন ‘বডি’ আছে। তাদের সকলের সাথে আমি কথা বলতে পারি নাই।”
সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
