ইউএস-বাংলার যাত্রী শাহীনের দেহের ১৬% পুড়েছে
নেপালে বেড়াতে গিয়ে শরীরে ১৬ শতাংশ পোড়া ক্ষত নিয়ে দেশে ফিরেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরোহী শাহীন ব্যাপারী।
গত ১২ মার্চ দুর্ঘটনার পর কাঠমান্ডুর কেএমসি হাসপাতালে নেওয়া হয়েছিল শাহীনকে।
সাত দিন পর রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহীনকে ঢাকায় আনার পর সরাসরি নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
শাহীন ব্যাপারীকে দেখে এসে বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, “শাহীন ব্যাপারীর শরীরে ১৬ শতাংশ ‘ডিপ বার্ন’ রয়েছে। আরও কিছু ইনজুরি রয়েছে। বার্ন তো...তাই আরও দেখতে হবে ওকে।"
বিমান দুর্ঘটনার পর সবার আগে (১৫ মার্চ) দেশে আনা হয় ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার প্রোগ্রাম অফিসার শেহরিন আহমেদকে।
পরদিন ফেরেন গাজীপুরের ব্যবসায়ী মেহেদী হাসান অমিয়, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাই ফারুক হোসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি।
গত শনিবার দেশে ফেরেন শেখ রাশেদ রুবায়েত। তার পরের দিনই ফিরলেন শাহীন ব্যাপারী।
সামন্ত লাল বলেন, “শাহীন ব্যাপারী এখনও শঙ্কামুক্ত নয়। ওর শ্বাসনালী পোড়ে নাই, তবে হাতে, পায়ে, বুকে আর পিঠে পোড়া আছে। রিস্ক রয়েছে তার।”
আহত হয়ে দেশে ফেরাদের মধ্যে শাহীন ও শেহরিনের দেহে আগুনের ক্ষত বেশি বলে জানান ডা. সামন্ত লাল।
তিনি বলেন, “তাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। শেহরিনকে এ সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে।”
আহতরা সবাই ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। তাদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ডও গঠন করেছে সরকার।
হাসপাতালে ভর্তিতে আহতরা সবাই এ দুর্ঘটনায় মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান চিকিৎসকরা।
সামন্ত লাল বলেন, “ট্রমার ব্যাপারে দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমাদের স্পেশালিস্টরা আজকেও এসেছেন। এটাতে সময় লাগবে।”
আহত শাহীনের মামাত ভাই মো. শাহেদ খান গত চার দিন ধরে নেপালে ভাইয়ের পাশে ছিলেন।
বার্ন ইউনিটের বাইরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর শাহীনের বেঁচে থাকার খবর তারা টেলিভিশনের খবর দেখে জানতে পারেন।
"দুই দিন পর আমি কাঠমান্ডুতে যাই। ভাইয়াকে কেএলসি হাসপাতালে রাখা হয়। হাসপাতাল থেকে উনারা চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন। ইউএস-বাংলা কর্তৃপক্ষও যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে।”
দুর্ঘটনার অভিজ্ঞতা নিয়ে শাহীন কী বলেছেন- জানতে চাইলে শাহেদ বলেন, “হাসপাতালে শাহীন ভাই আমাকে বলেছে, 'আমি দরজার পাশে ছিলাম, ধোঁয়ার মতো দেখলাম, কী হইছে কিচ্ছু বুঝতে পারি নাই, আল্লাহর কুদরতে বেঁচে গেছি রে’।”
শাহীন স্ত্রী রিমা ও আট বছরের মেয়ে সূচনাকে নিয়ে নারায়ণগঞ্জের আদমজীর একটি বাসায় থাকেন। ঢাকার সদরঘাটে 'করিম এন্ড সন্স' নামে একটি কাপড়ের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি।
নেপালে বাংলাদেশ থেকে যে সাত চিকিৎসককে পাঠানো হয়েছিল, তাদের একজন আব্দুল্লাহ আল মামুন ফিরে এসেছেন শাহীন ব্যাপারীর সঙ্গে।
ডা. মামুন সাংবাদিকদের বলেন, “নেপালে পেশেন্টদের আশানুরূপ ও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে। আমি আজকে এই পেশেন্টের সঙ্গে ফিরে এসেছি। বাকিরা আগামীকাল আসবে।”
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে শাহীনকে নিয়ে ছয়জন দেশে ফিরেছেন। দুজনকে নেপাল থেকেই পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। যে দুজন এখন নেপালে রয়েছেন, তাদের একজনকে স্বজনরা দিল্লি পাঠানোর চিন্তা করছেন বলে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।
শাহীনের সঙ্গে আরেকজন কবির হোসেনকেও রোববার দেশে ফিরিয়ে আনার কথা ছিল।
এ বিষয়ে সামন্ত লাল বলেন, “প্লেনের সিটে বসে আসতে পারবেন না বলে কবিরকে আজ আনা হয়নি। তাকে আগামীকাল বিশেষ ব্যবস্থায় আনা হবে।”
