২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

লেখক অভিজিত রায় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছে ঢাকার মহানগর আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 06:40 PM

Updated : 19 Aug 2022, 01:45 PM

বৃহস্পতিবার নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় মহানগর হাকিম গোলাম নবী ওই তারিখ ঠিক করে দেন।

এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য এ নিয়ে মোট ৩৩ বার সময় দিল আদালত।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশের বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের হুমকির মুখেও বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।

ঘটনার পরদিন শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা। এরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হলেও পুলিশ গত তিন বছরে অভিযোগপত্র দিতে পারেনি। 

প্রথমে গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করলেও গত বছরের নভেম্বরে সেই দায়িত্ব কাউন্টার টেররিজম ইউনিটের হাতে যায়।