বইপড়া কর্মসূচিতে বিকাশের ৩৮ হাজার বই
স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বই পড়া কর্মসূচিতে ৩৮ হাজার বই দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বইগুলো তুলে দেন।
বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। গত চার বছরে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রর বইপড়া কর্মসূচিতে প্রায় ১ লাখ ৮০ হাজার বই দিয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৮ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম কর্মসূচিতে সারাদেশে প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ছাত্র-ছাত্রী যুক্ত রয়েছে।
