দাতব্য ট্রাস্ট দুর্নীতি: পিছিয়েছে যুক্তিতর্ক, খালেদাকে হাজিরের নির্দেশ
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় যুক্ততর্কের শুনানি পিছিয়ে ২৮ ও ২৯ মার্চ নতুন দিন রেখেছে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।
একই সঙ্গে মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্ধারিত দিনে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার বিচারক এই আদেশ দেন বলে খালেদার আইনজীবী নূরুজ্জামান তপন জানিয়েছেন।
একই আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়ে কারাগারে পাঠিয়েছিল। সোমবার হাই কোর্টের একটি বেঞ্চ খালেদাকে চার মাসের জামিন দেয়।
অন্যদিকে গত ২৬ ফেব্রুয়ারি বিচারক দাতব্য ট্রাস্টের মামলায় ১৩ ও ১৪ মার্চ যুক্ততর্কের শুনানির দিন রেখে বিএনপিনেত্রীর জামিনের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেয়।
আইনজীবী নূরুজ্জামান তপন বলেন, “আজ মঙ্গলবার ও আগামীকাল এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ছিল। বিচারক তারিখ পিছিয়ে ২৮ ও ২৯ মার্চ ধার্য করেছেন।”
মামলার অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী আমিনুল ইসলাম ২৮ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন বলে জানান তপন।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় আসামি।
