১৭-২৩ মার্চ দক্ষিণ সিটি করপোরেশনের ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি
আগামী ১৭ থেকে ২৩ মার্চ ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার করপোরেশনের ত্রয়োদশ সভায় মেয়র বলেন, “ঢাকাকে পরিচ্ছন্ন রাখার কর্মসূচির মাধ্যমে জাতির পিতার জন্মদিন উদযাপন এর চেয়ে ভালোভাবে হতে পারে না।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিশাল, ওয়ার্ড কাউন্সিলররা সভায় উপস্থিত ছিলেন।
মেয়র জানান ১৭ মার্চ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর ডিএসসিসির অঞ্চল-২ এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
“সেদিন ওই এলাকায় আমাদের সব কর্মী একসাথে কাজ করবে। আমরা পুরো এলাকা পরিষ্কার করব। মশার ওষুধ ছিটাব,” বলেন মেয়র।
