২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ভারতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্সে' অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 05:18 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সোমবার বিকাল ৪টার পরে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্থানীয় সময় ১.২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন আবদুল হামিদ।

সৌর বিদ্যুত সম্পর্কিত জোটের সম্মেলনে যোগ দিতে গত ৮ মার্চ ভারত পৌঁছান আবদুল হামিদ। ওইদিন আসামের রাজধানী গুয়াহাটিতে নামেন রাষ্ট্রপতি।

সেখানে আসামের রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।

৯ মার্চ মেঘালয়ে যান রাষ্ট্রপতি। সেখানে ১৯৭১ সালের স্মৃতিবিজড়িত বালাট এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

পরদিন দিল্লি পৌঁছান আবদুল হামিদ। ওইদিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।

পরদিন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে সোলার অ্যালায়েন্সের সম্মেলনে ভাষণ দেন আবদুল হামিদ। 

একইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।