নাইকো দুর্নীতি: মওদুদের আবেদনে পেছাল শুনানি
নাইকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতির আবেদনের শুনানি পেছাতে বিএনপি নেতা মওদুদ আহমদের আবেদনের কারণে আলোচিত এ মামলায় অভিযোগ গঠন আবারও পিছিয়ে গেছে।
রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর আগামী ১৯ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন।
খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে দায়ের করা আলোচিত এ মামলার বিচার কাজ চলছে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে। বর্তমানে মামলাটি রয়েছে অভিযোগ গঠন পর্যায়ে।
বার বার পেছানোর পর গতবছর ১১ ডিসেম্বর এ মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়।
সেদিন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং বাপেক্সের প্রাক্তন সচিব মো. শফিউর রহমানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন তাদের আইনজীবীরা।
গত ৪ ফেব্রুয়ারি মওদুদ আহমদ নিজেই তার অব্যাহিতর অব্যাহতির আবেদনের ওপর শুনানি শুরু করেন। আংশিক শুনানি শেষে বিচারক ১১ মার্চ মামলার পরবর্তী তারিখ রাখেন।
সে অনুযায়ী রোববার মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। আর ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ শুনানির জন্য সময় চান। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেনের পক্ষেও সময়ের আবেদন করা হয়।
আইনজীবী তৌহিদ পরে বলেন, “অব্যাহতির আবেদনের শুনানি শেষে অভিযোগ গঠন প্রশ্নে একসঙ্গে আদেশ দেওয়া হবে।”
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়।
২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।
অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
