বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন নিপীড়নের বিচার চান বিতার্কিকরা
সাতই মার্চের সমাবেশমুখী মিছিল থেকে রাজধানীর বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন নিপীড়নে জড়িতদের শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বিতর্কিকরা।
শনিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিতার্কিক সমাজ’ ব্যানারে কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল, ‘জয় বাংলা স্লোগানকে যারা অপরাধ ঢাকতে ব্যবহার করে, তাদের বিচার কর’, ‘যৌন নিপীড়নকারীরা সমাজের কীট, তাদের সমাজচ্যুত কর’ ইত্যাদি।
মানববন্ধন থেকে ডিবেট ফর হিউম্যানিটি'র সহ-সভাপতি ফাহমিদা হাসান বাপ্পী নিপীড়নের বিরুদ্ধে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “সমাজে নারীদের নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সবার আগে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। ওই শিক্ষার্থী বিতার্কিক হিসেবে যেভাবে প্রতিবাদ জানিয়েছে, আজ আমরা তার পাশে দাঁড়াতে হাজির হয়েছি।”
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্য তালিব হাসান রিজভী বলেন, “রাষ্ট্র সব সময় নিপীড়নের বিচার করতে অনীহা প্রকাশ করছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসবের প্রতিরোধ করা সম্ভব নয়, সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (জেইউডিও) সভাপতি মুশফিক উস সালেহীন বলেন, “আমরা সমাজ সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এখানে একত্রিত হয়েছি। শুধু ৭ মার্চের নারী নিপীড়নের ঘটনাই নয়, সারা দেশের সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আওয়ামী লীগ। ওই সমাবেশমুখী একটি মিছিল থেকে একদল তরুণ বাংলামোটরে এক ছাত্রীকে যৌন হয়রানি করে। মেয়েটি ফেইসবুক পোস্টে বিষয়টি তুলে ধরলে তা ভাইরাল হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
