২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালের ওপর হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার দাবি

লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হামলায় ইন্ধন যোগানো প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন নাট্যকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 12:32 AM

Updated : 08 Apr 2022, 06:02 PM

নাট্যকর্মীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ব্যানারে শনিবার এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন।

এতে বলা হয়, গ্রুপ থিয়েটারভুক্ত নাট্যসংগঠনগুলো একই সময়ে সারা দেশব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করেছে।

শিল্পকলা একাডেমির সমাবেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ছাড়াও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হকসহ অনেকে বক্তব্য রাখেন।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকে একটি ‘সুদূরপ্রসারী পরিকল্পিত’ হামলা হিসেবে আখ্যায়িত করেন বক্তারা।

তাদের মতে, এই হামলা শুধু একজন শিক্ষকের ওপর বা একজন ব্যক্তির উপরে হামলা নয়, এটা একটি আদর্শের ওপর হামলা।

‘একাত্তরের পরাজিত শক্তি’ বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে একাত্তরের মতো মেধাশূন্য করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তারা।