পানিসম্পদ নিয়ে জাতিসংঘ প্যানেলের প্রতিবেদন বুধবার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পানি সম্পদের গুরুত্ব ও সঠিক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশসহ ১১ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে জাতিসংঘ গঠিত ‘হাই লেভেল প্যানেল অন ওয়াটারের’ প্রতিবেদন বুধবার প্রকাশিত হচ্ছে।
‘আউটকাম ডকুমেন্ট’ নামে এ প্রতিবেদন জাতিসংঘের মহাসচিবের কাছে দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা (রাষ্ট্রদূত) তুলে দেবেন, যাতে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া দুটি উদ্যোগ উপস্থাপন করা হবে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এসডিজি অর্জনে বিশ্বে পানি সম্পদের সঠিক ব্যবহার-ব্যবস্থাপনা ও মূল্য অনুধাবন করানোর লক্ষ্যে ২০১৬ সালের এপ্রিলে ‘হাই লেভেল প্যানেল অন ওয়াটার (এইচএলপিডাব্লিউ)’ গঠন করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্যানেলের একজন সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
এ বছরের ১৮ মার্চ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার আগে বুধবার প্রতিবেদন উপস্থাপনের দিন ঠিক করা হয়েছে, যাতে বাংলাদেশের পক্ষ থেকে দুটি ‘লাইট হাউজ ইনিশিয়েটিভ’ তুলে ধরা হবে।
আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপিত দুটি উদ্যোগের মধ্যে রয়েছে- সারা বাংলাদেশে সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা করে দেওয়া এবং দুই হাজারের বেশি নতুন পুকুর খনন ও বিভিন্ন অঞ্চলের মজা পুকুর, খাল পুনর্খনন করে পানির প্রবাহ বজায় রাখা।”
সভায় উদ্যোগ দুটি বাস্তবায়নের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক বলেন, “দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিশুদের হাত ধোয়ার জন্য আলাদা ‘ওয়াশ ব্লক’ করে দেওয়া হবে। সেই সাথে এরই মধ্যে আমরা ২ হাজার ২০০ পুকুর খননের কাজ হাতে নিয়েছি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মজা খাল-পুকুর খনন করা হবে।”
এসডিজির ১৭টি শর্তের সবগুলোর সঙ্গে পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মন্তব্য করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, “আমাদের দেশ পানিভিত্তিক দেশ, আমাদের জন্য হাই লেভেল প্যানেলের (এইচএলপিডাব্লিউ) সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্যানেলে প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে নির্বাচিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক।”
তিনি জানান, বুধবার ‘আউটকাম ডকুমেন্ট’ উপস্থাপিত হবার পর এর সুপারিশের ওপর ভিত্তি করে জাতীয় কর্মপরিকল্পনা করা হবে।”
জাতিসংঘের প্যানেলে বাংলাদেশ ছাড়াও মরিশাস, মেক্সিকো, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, জর্ডান, নেদারল্যান্ডস, পেরু, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও তাজাকিস্তানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সদস্য হিসেবে রয়েছেন।
