২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেলাও হাত, বদলে দাও দেশ’

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও শিক্ষিত এক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নানা প্রকল্প নিয়ে এগিয়ে চলা একঝাঁক তরুণ শপথ নিলেন ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে একযোগে কাজ করার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 01:21 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

শনিবার ঢাকায় জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত ‘অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল অ্যাচিভারস সামিট’- এ যোগ দিয়ে তারা এ শপথ নেন।

ব্রিটিশ কাউন্সিল ও দ্য হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

এতে যোগ দিয়ে ব্রিটিশ হাইকমিশনে সদ্য যোগ দেওয়া ডেপুটি হাইকমিশনার কানবার হোসেইন বোর বলেন, “বাংলাদেশে বসবাসরত লাখো কর্মঠ তরুণ রয়েছে, তারাই বাংলাদেশের চালিকাশক্তি। বাংলাদেশের দিনবদলের পথে এ তরুণরাই মুখ্য ভূমিকা পালন করছে এবং এদের হাত ধরেই বাংলাদেশ একটি সফলতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।”

জাতিগত নিপীড়নের শিকার হয়ে সাত বছর বয়সে ইরান থেকে ইংল্যান্ডে শরণার্থী হিসেবে আশ্রয় নেতা কানবার হোসেইন শোনান তার শৈশবের যুদ্ধের গল্প। অচেনা দেশ, অজানা ভাষা মোকাবেলা করে তিনি কীভাবে প্রতিকূলতা মোকাবেলা করে সফল হয়েছিলেন, তা তুলে ধরেন তিনি।

তিনি জানান, সামাজিক পরিবর্তনের পথে ব্রিটিশ হাইকমিশনের নানা প্রকল্পে তিনি তরুণদের পরামর্শও শুনবেন।

আয়োজক ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, “বাল্যবিবাহ, ক্ষুধা, দারিদ্র্য আর সামাজিক নানা অসঙ্গতিতে কাজ করে চলেছে এ দেশের অ্যাকটিভ সিটিজেনসরা। নিজেদের কমিউনিটির উন্নয়নের পাশাপাশি তারা অন্য কমিউনিটির সমস্যা সমাধানেও তৎপর রয়েছে। প্রযুক্তির যুগ এসেছে, সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণরা আরো অনেক উদ্ভাবনী প্রকল্প বের করে যাচ্ছে।”

তৃণমূল পর্যায়ে সমাজ বদলের পথে এগিয়ে আসা তরুণদের ‘অ্যাকটিভ সিটিজেনস’ প্ল্যাটফর্মে নিয়ে আসতে আরও উদ্যোগী হবেন বলে জানান তিনি।  

উইকহ্যাম জানান, দেশের নানা জেলায় ২ হাজারেরও বেশি তরুণ তাদের প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ নিয়ে ২৫৬টি প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “মেলাও হাত, চলো বহুদূর, আনো দিনবদল।”

তখন তরুণরাও সমস্বরে তার সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার।

আয়োজকরা জানান, ব্রিটিশ কাউন্সিল ও দ্য হাঙ্গার প্রজেক্টের যৌথ অংশীদারিত্বে ২০০৯ সাল থেকে সারাদেশে অ্যাকটিভ সিটিজেনস কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে শান্তি ও সোহার্দ্যের পৃথিবী গড়ে তুলতে চান তরুণরা। তরুণরা এ প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ নিয়ে স্থিতিশীল উন্নয়নে অবদান রাখছে।