রামপুরায় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ
রাজধানীর রামপুরায় দুই পক্ষের সংঘাতের মধ্যে পড়ে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ সোহেল (১২), মালেক (৭) ও সাব্বির হোসেন রাব্বিকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাব্বিরের উরুতে এবং দুই শিশুর পায়ে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
ঘটনার পরপর ওই এলাকায় যান রমনা থানার উপ-পরিদর্শক আবুল কালাম।
তিনি রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা গুলি করেছে সে বিষয়ে এলাকার কেউ কিছু বলতে পারছে না। সবাই শুধু বলছে, তারা গুলির শব্দ শুনেছে এবং কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছে।
“কিন্তু কে কাকে লক্ষ্য করে গুলি করেছে, সে বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
গুলিবিদ্ধ সোহেল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন তিনি।
গুলিবিদ্ধ শিশু মালেকের বাবা রিকশাচালক চান মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার ছেলে বেড়ানোর জন্য কয়েকদিন আগে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকায় আসে। বাসার সামনে খেলার সময় সে গুলিবিদ্ধ হয়। কে বা কারা গুলি করেছে তা তিনি জানেন না।
গুলিবিদ্ধ অপরজন সাব্বির পানি ব্যবসায়ী। তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, গুলির শব্দ শুনে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলি লাগে তার।
