২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভাড়াটিয়ার বেশে ঢুকে বাড়ির মালিককে খুন

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে পাঁচতলা ভবনের মালিক এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 10:35 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

নিহত আমেনা বেগম (৬৫) বিধবা। ভবনের দ্বিতীয় তলায় দুই ছেলের একজনের স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।

পরিবারের সদস্যের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের নিচতলা খালি থাকায় ‘ভাড়া হবে‘ বলে বিজ্ঞাপন দিয়েছিলেন আমেনা বেগম। ভাড়া নেওয়ার কথা বলে দুপুরে এক বা একাধিক ব্যক্তি ওই বাড়িতে আসেন এবং আমেনা বেগম ঘর দেখাতে দোতলা থেকে নিচে নেমে আসেন।

“নিচে নামার অনেকক্ষণ পরেও ফিরে না আসায় পুত্রবধূ নেমে দেখেন দরজা খোলা; শাশুড়ি দেওয়াল ঘেঁষে বসে আছেন এবং তার মাথা থেতলানো। ধারালো কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়।”

তখন ওই পুত্রবধূর চিৎকারে আশপাশের সবাই ছুটে এসে ওই অবস্থা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২০ বছর আগে আমেনা বেগমের স্বামী মারা গেছেন। তার তিন মেয়ে ও দুই ছেলে, সবার বিয়ে হয়েছে।

মেয়েরা স্বামীর সাথে আলাদা বাসায় থাকেন। দুই ছেলের একজন দোতালায় এবং অপরজন ‍তিনতলায় থাকেন। আমেনা বেগম দোতালায় ছেলে, পুত্রবধূ ও নাতির সঙ্গে থাকতেন।

এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে পরিদর্শক সেন্টু বলেন, “এখনও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি।”