২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের পোশাক নিয়ে কথা হয়, তনু তো হিজাব পরত’

নারীদের উপর নির্যাতনের জন্য যারা পোশাককে দায়ী করেন, তাদের কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক রাখি ম্রং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 10:10 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

তিনি বলেছেন, “আমাদের আদিবাসী মেয়েদের পোশাক নিয়ে কথা বলা হয়। আমরা গেঞ্জি-প্যান্ট পরি, তাই আমাদের উপর নির্যাতন হয়। কিন্তু তনুর উপর কেন নির্যাতন হল? সে তো হিজাব পরে ছিল।”

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুকে চার বছর আগে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল; কুমিল্লা সেনানিবাসে তার বাসার কাছেই পাওয়া গিয়েছিল তার লাশ।

নারী প্রতি সহিংসতো রোধে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গী দেখাতে গিয়ে তনুর কথা তুলে রাখি ম্রং  বলেন, “তার মামলা কতটুকু এগিয়েছে?”

বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসে ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা বাংলাদেশে পাহাড় ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর নারীদের উপর চালানো নির্যাতনের চিত্র তুলে ধরেন।

কাপেং ফাউন্ডেশনের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ২০১৭ সালে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, অপহরণ ও শারীরিক নির‌্যাতনের মতো ঘটনা ঘটেছে ৪৬টি, যেখানে প্রায় ৫৬ জন আদিবাসী নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে।

“সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি গ্রামে মারমা কিশোরী ধর্ষণ ও তার ছোট বোনের শ্লীলতাহানির অভিযোগ উঠলেও অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করে উল্টো ভুক্তভোগীদের হয়রানি করা হয়েছে। বিচার চাইতে গিয়ে রানি য়েন য়েনসহ বিচারপ্রার্থীদের নাজেহাল ও নির্যাতন করা হয়েছে।”

রাষ্ট্রের দ্বারা পার্বত্য চট্টগ্রামে নারীদের চরম অমর্যাদা ও নিরাপত্তাহীনতার চিত্র এর মধ্য দিয়ে ফুটে উঠেছে বলে মন্তব্য করেন ফাল্গুনী ত্রিপুরা।

অনুষ্ঠানে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “আমাদের এখনকার যে প্রশাসন, তারা নারীদের সমস্যা অনুধাবন করতে ব্যর্থ।

“বাংলাদেশে নারীদের নিরাপত্তার খুবই অভাব। বিশেষ করে গ্রামের নারীদের। এই নিরাপত্তার অভাবের কারণেই তারা পিছিয়ে থাকছে। আদিবাসী নারীরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।”

দুর্বলের পক্ষে থাকা রাষ্ট্রের দায়িত্ব হলেও বাংলাদেশে দুর্বল বেশি অবহেলিত বলে মন্তব্য করেন মকসুদ।

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপরি বাস্তবায়ন না হলে সেখানে নারী-পুরুষ কারও নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

সংরক্ষিত নারী আসনের সাংসদদের উদ্দেশে মকসুদ বলেন, “৫০ জন যারা পার্লামেন্টে আছে, তাদের কাজই হচ্ছে প্রধানমন্ত্রীকে তোয়াজ করা, প্রশংসা করা। নারীর সমস্যা সমাধানে তাদেরও এগিয়ে আসতে হবে।”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও হিল উইমেন্স ফেডারেশন ‘আদিবাসী নারীর নিরাপত্তা-সমমর্যাদা নিশ্চিতকরণ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসুন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মনিরা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রেগ্রাম ম্যানেজার এভিলিনা চাকমা।

সভায় মূল প্রবন্ধে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা, ভূমি ও সম্পত্তির ওপর আদিবাসী নারীদের অধিকার নিশ্চিত করা, শিক্ষা কর্মসংস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আদিবাসী নারীদের জন্য কোটা নিশ্চিত করা, বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিত করা, জাতীয় সংসদে অঞ্চলভিত্তিক ও স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসী নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।