২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি মিজানুর হত্যা: আট তারিখেও জমা পড়েনি প্রতিবেদন

দফায় দফায় তারিখ পেছানো হলেও হাইওয়ে পুলিশ সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে পারেনি গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 07:16 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ থাকলেও এদিনও ব্যর্থ হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পল্লবী জোনের পরিদর্শক সিরাজুল ইসলাম খান। 

পরে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম প্রতিবেদনের জন্য আগামী ৪ এপ্রিল নতুন দিন ঠিক করে দেন।

এনিয়ে তদন্ত প্রতিবেদন জমার সময় অষ্টমবারের মত পেছানো হল বলে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন।

প্রতিবেদন দিতে বিলম্বের কারণ জানতে চাইলে পরিদর্শক সিরাজুল বলেন, “মামলার খুঁটিনাটি বিষয়, আসামিদের নাম-ঠিকানা যাচাই বাছাই চলছে। আশা করি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অভিযোগপত্র দাখিল করতে পারব।”

২০১৭ সালের ২১ জুন মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ঢাকা বোর্ড ক্লাবের সামনে থেকে এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। তার গলায় কাপড় পেঁচানো ছিল।

Image
মিজানুর রহমান

মিজানুর রহমান

ওই দিন রাতেই তার ভাই মো. মাসুম তালুকদার রূপনগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম খান জানান, এ মামলায় গ্রেপ্তার শাহ আলম ওরফে বুড্ডা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আর দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। একজন পলাতক।

মামলার এজাহারে বলা হয়, ঘটনা দিন ভোরে সেহেরি খাওয়ার পর সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হয়েছিলেন এএসপি মিজানুর। যে জায়গায় তার লাশ পাওয়া গেছে, বাসা থেকে তা গাড়িতে ১৫ থেকে ২০ মিনিটের পথ।

এরপর শাহ আলমকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এএসপি মিজান হত্যার পেছনে ছিল ছিনতাইয়ের ঘটনা।

এক প্রশ্নে তদন্ত কর্মকর্তা সিরাজুল একই কথা বলেন।

তিনি বলেন, “হত্যায় প্রথমে উগ্র ধর্মীয় জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হলেও এখন তদন্তে বোঝা যাচ্ছে হত্যাকারীরা ছিনতাইকারীই ছিল।”

পুরনো খবর:

এএসপি মিজানুর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ অক্টোবর