২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াং-হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 11:31 AM

Updated : 19 Aug 2022, 01:42 PM

তাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাত, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভিয়েতনামের প্রেসিডেন্ট সকাল ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং।

দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সফরে রোববার ঢাকায় পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

গত ১৪ বছরে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর। ত্রান দাই কুয়াংয়ের স্ত্রী গুয়েন থি হিয়েনও এই সফরে তার সঙ্গে আছেন।

সোমবার সকালে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট। পরে ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফর শেষে মঙ্গলবার ত্রান দাই কুয়াংয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পুরনো খবর:

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকায়