৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পর বেলা ১২টার দিকে কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন।
এ পরীক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হননি তারা। অপরদিকে তাদের চেয়ে খারাপ পরীক্ষা দিয়েও টিকেছেন অনেকেই।
বাংলাদেশ কর্ম কমিশন এ পর্যন্ত তাদের ওয়েবসাইটে বিসিএসের ফলাফল মোট চারবার প্রকাশ করেছে বলেও অভিযোগ তাদের।
গত ২৮ ফেব্রুয়ারি বিকালে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যেখানে লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জনকে যোগ্য নির্বাচিত হয়েছেন।
তিন লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রথমে ২৮ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টার সময় ফল প্রকাশ করে রাত ৮টার পরে প্রত্যাহার করা হয়, যে ফলাফলে ২৫ নম্বর পৃষ্ঠায় ৩৭তম বিসিএসের উল্লেখ ছিল। ওইদিন রাত ৯টার পরে আবার ফলাফল প্রকাশ করে, যা ছিল সম্পূর্ণরূপে অস্পষ্ট।
এতে আরো বলা হয়, এরপর গত ১ মার্চ রাত ৩টার পরে আবার আগের মতো ’৩৭ তম বিসিএস’ লেখাসহ ফলাফল প্রকাশিত হয়। ওইদিনই আবার পুনরায় ফলাফল প্রকাশিত হয়, যা ছিল স্পষ্ট। এই রেজাল্ট শিটে ৩৮তম বিসিএস লেখা ও তারিখ উল্লেখ ছিল ২৮ ফেব্রুয়ারি।
“এ পরীক্ষায় ১৪টি প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল। যেগুলোর উত্তর ছিল না বা একাধিক উত্তর ছিল। পিএসসির ওএমআর মেশিনও নষ্ট বলে আমরা শুনেছি।”
স্মারকলিপি দিতে আসা পাঁচজনের প্রতিনিধি দলের সাথে পিএসসির চেয়ারম্যান দেখা করেননি জানিয়ে তিনি বলেন, “আমরা ফলাফল বাতিল চাই না, শুধু চাই এটি পুনর্মূল্যায়ন করা হোক।”
‘টেকনিক্যাল কোন সমস্যার কারণেই’ এমন হয়েছে বলে মনে করেন মানববন্ধনে অংশ নেওয়া আরেক পরীক্ষার্থী মেহেদী হাসান।
তিনি বলেন, “পরীক্ষার পর আমার বন্ধুর সাথে বসে আমি প্রশ্নের উত্তর মিলিয়েছি। দেখা গেছে, আমি পেয়েছি ১২০ এর মতো। আর আমার বন্ধু পেয়েছে ১০৫ এর মতো। কিন্তু সে টিকে গেছে, আমি টিকিনি।
“আমাদের ধারণা, ওএমআর মেশিনের বিকল অবস্থাই এর জন্য দায়ী। একটা লটের যে খাতাগুলো বিকল ওএমআর মেশিনে গেছে, সে মেশিন সেটাকে ভুল বলে চিহ্নিত করেছে।”
দুই-একজন শিক্ষার্থী নয় বরং অনেক শিক্ষার্থীই এ সমস্যায় পড়েছেন বলে দাবি তার।
“ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, পাঁচ হাজারের মতো সদস্য রয়েছে সেখানে, যারা এ ধরনের সমস্যায় পড়েছেন। ভাল পরীক্ষা দিয়েও প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হননি।”
এ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব আকতারী মমতাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিএসসির চেয়ারম্যানের সাথে দেখা করতে কিছু শিক্ষার্থী এসেছিল। তাদের আমি বলেছি, যার যা সমস্যা তা লিখিত দিয়ে যেতে। এটাই আমাদের সিস্টেম।
“এটা তো পার্সোনালি, এটা তো একসাথে হবে না। কার কি সমস্যা আছে তা জানিয়ে গেলে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা পরীক্ষা করে দেখে যদি মনে করে তা অ্যাড্রেস করার দরকার আছে, তখন তা অ্যাড্রেস করে।”
