২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন, আলেমদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 09:48 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

শনিবার বিকালে রাজধানীর হাজীপাড়া জামিয়া ইকরা মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা মুসলিম নামের কলঙ্ক। সারাবিশ্বে মুসলমানদের ওপর কলঙ্কের কালিমা লেপন করার জন্যই এ ষড়যন্ত্র চলছে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের দমন করতে পেরেছি। মানুষের জান-মালের ক্ষতি করা এ ধর্মের কাজ নয়, এটা আমরা প্রমাণ করেছি।”

মাওলানা মাসুদের নেতৃত্বে যে এক লাখ আলেম জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর করেছেন, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদরাসায় কোনো জঙ্গিবাদের জন্ম হয় না। মাদরাসা থেকে মেধাবী ছেলেরা বেরিয়ে আসবে। যারা আমাদের দেশের নেতৃত্ব দেবে।”

মন্ত্রী বলেন, “কওমি মাদরাসাগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আলাদা বোর্ড ও বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।

এছাড়া আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ, আল্লামা আব্দুল হালিম বুখারী, আল্লামা মুফতি রুহুল আমীন, আল্লামা আরশাদ রাহমানী, আল্লামা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা মাজহার, মাওলানা এনামুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ প্রথম বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।