ক্যানভাসে স্বাধীনতা যুদ্ধ
একাত্তরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাধীনতা পূর্ব ও উত্তরকালে বাঙালির সামাজিক ও রাজনৈতিক জীবনের নানা পটপরিবর্তনের চিত্র আঁকার চেষ্টা করেছেন শিল্পী মাঈনুল ইসলাম সেল্লু।
এই শিল্পীর আঁকা নানা ছবি নিয়ে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে ‘স্মরণ ৭১’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার বিকালে লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
সেল্লু জানান, তার আঁকা নানা চিত্রকর্মে উঠে এসেছে স্বাধীনতা পূর্ব পাকিস্তানের সামরিক জান্তার দমন-নিপীড়ন ও স্মরণকালের ‘ভয়াবহতম’ যুদ্ধাপরাধের কথা। উঠে এসেছে বাঙালির চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় বিজয় ছিনিয়ে আনার গল্পও। স্বাধীনতা পরবর্তীকালে বিশ্ব রাজনীতির নানা প্রেক্ষাপট মোকাবেলায় বাঙালির লড়াইয়ের কথাও বাদ যায়নি।
তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি অনেক দিন থেকেই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ক্যানভাসে তুলে ধরতে চেয়েছি।”
প্রদর্শনীটি চলবে ১৪ মার্চ পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা; শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও পরে বিকাল ৫টা থেকে রাত ৮টা অবধি লা গ্যালারির দুয়ার খোলা থাকবে।
রাজধানীর ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শুরু হয়েছে ‘শহরনামা’ শীর্ষক যৌথ চিত্রকর্ম প্রদর্শনী।
পাঁচজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে তৃতীয় পর্বের এ প্রদর্শনী। এই পাঁচ শিল্পী হলেন- সালাউদ্দিন আহমেদ, তৈয়বা বেগম লিপি, নাজমুন নাহার কেয়া, শিমুল সাহা ও তাইওয়ানের জুন হন।
‘শহরনামা’ মূলত তিন মাসব্যাপী একটি শিল্প প্রকল্পের অংশ। এই প্রকল্পে ঢাকা শহরকে ঘিরে কাজ করেছেন ৫০ জন শিল্পী। পাশাপাশি এ শিল্প প্রয়াসে প্রদর্শিত হয়েছে চারজন নির্মাতার চলচ্চিত্র।
শহরনামার কিউরেটর শিল্পী মাহবুবুর রহমান এবং আয়োজক বৃত্ত আর্টস ট্রাস্ট।
বৃত্ত আর্টস ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি ‘টপোগ্রাফি অফ মিরর সিটি’ নামে শিল্পকলাভিত্তিক আয়োজনের একটি অংশ, যা এশিয়ার ছয়টি শহরে কিউরেটর স্যান্ডি শিউ ছিহ-লো’র নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
প্রদর্শনী চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
৫০ বছরে পর্দাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠী।
সেই আয়োজনের অংশ হিসেবে শুক্রবার উদীচীর ঢাকা মহানগরের আবৃত্তি বিভাগের উদ্যোগে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘অক্ষরে সাজানো কথামালা’।
আয়োজনের শুরুতেই শফিউল গনির রচনা ও গ্রন্থনায় ছিল ‘৫২ থেকে ৭১’র পরিবেশনা।
অনুষ্ঠানে অম্লান অভি নির্মলেন্দু গুণের ‘শিয়রে বাংলাদেশ’, রবিশঙ্কর মিত্রের ‘মেষপালকের প্রেমের মুখবন্ধ’ এবং আবু হাসান শাহরিয়ারের ‘চায়ের দোকানে পৌষ’ আবৃত্তি করেন।
সুব্রত ভট্টাচার্য রাম বসুর ‘পরান মাঝি হাঁক দিয়েছে’ এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বদেশ’ কবিতা দুটি আবৃত্তি করেন।
পরে শিখা সেন, আতিকুজ্জামান মির্জা, অনিতা দাস, শেখ আবদুল করিম কাজী, আফরিন মুর্ত্তজা, জান্নাত আরা মৌমিতা, সুমিত পাল, শফিউল গনি, রীনা আক্তার বিভিন্ন কবিদের কবিতা পাঠ করেন।
শিল্পকলায় ‘সাধুসঙ্গ’
লালনের দর্শন, মানবিক উপলব্ধি এবং সংগীত সাধনার নানা দিক নগরবাসীর সামনে নতুনভাবে উপস্থাপনের প্রত্যয়ে শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘সাধুসঙ্গ’।
সাধুসঙ্গের শুরুতেই পরিবেশিত হয় প্রার্থনা সঙ্গীত। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী আনু ফকির, শাহাদাৎ ফকির, আব্দুল কুদ্দুস, বিধান শাহ্, আকলিমা ফকিরানী ও শিল্পী গোলাপী ।
এছাড়াও বাউল শিল্পী শরীফ সাধু, হামিদা, বাসার ও সমীর বাউল গান পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী রিতা মণ্ডল, হিরক সর্দার, লাভলী শেখ, ফারুক নূরী, ডলি মণ্ডল, মোস্তফা ও মোসুমী ইকবালরাও যোগ দেন তাদের সঙ্গে।
