রবির ব্যাংক হিসাব জব্দে পক্ষে আদেশ পায়নি এনবিআর
মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে রবির সব ব্যাংক হিসাব তিন দিনের জন্য জব্দ রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করতে আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েও ফল পায়নি এনবিআর।
বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সে আবেদনে শুনানি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবারই তা আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
চেম্বার আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল ইসলাম।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশের স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগে শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করে দিয়েছে চেম্বার আদালত। আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে কার্য তালিকার ৪ নম্বর ক্রমিকে আছে মামলাটি।”
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক হিসাব জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেছিল হাই কোর্ট।
