২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষীর অভাবে এগোচ্ছে না তারেকের রাষ্ট্রদ্রোহ মামলার বিচার

সাক্ষী হাজির না হওয়ায় এগোচ্ছে না তারেক রহমান ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চার আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:21 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার টানা চতুর্থ বারের মতো আলোচিত এ মামলার কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল কাশেম আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রেখেছেন বলে সালামের আইনজীবী মো. শাহাবুদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ ডিসেম্বর শুধু আব্দুস সালামের পক্ষে মামলার কার্যক্রম হাই কোর্টের আদেশে স্থগিত হয়েছে। বাকি আসামিদের বিচার চলতে কোনো বাধা নেই।

২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। পরদিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি এ মামলা করেন।

তদন্ত শেষে গত বছর ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক ও সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম যোগ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, “লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।”

গত বছরের ২০ নভেম্বর মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

এরপর বাদী তেজগাঁও থানার তৎকালীন এসআই বোরহান উদ্দিনসহ রাষ্ট্রপক্ষের আরও কয়েকজন সাক্ষীকে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য প্রথমে সমন এবং পরে গ্রেপ্তারি পরোয়না জারি করা হয় বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল জানান।

মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের ধার্যদিনে জামিনে থাকা আব্দুস সালাম আদালতে হাজিরা দেন। মামলার নথিপত্রে তারেক, মহাথির ও কনককে পলাতক দেখানো হচ্ছে।

এই তিন আসামির বিরুদ্ধে গত বছরের ২৩ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। মুদ্রাপাচারের একটি মামলায় গতবছর তাকে সাত বছরের কারাদণ্ড দেয় হাই কোর্ট। আর জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে আরও কয়েক ডজন মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।

পুরনো খবর:

তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা