১৪ ফেব্রুয়ারি ‘প্রেস দিবসের’ প্রস্তাব যাবে মন্ত্রিপরিষদে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের জন্য ১৪ ফেব্রুয়ারি ‘প্রেস দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রিপরিষদে তোলা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ এর আলোচনায় তিনি বলেন, “শেখ হাসিনা সরকার পোষ্য গণমাধ্যম নয়, উন্নয়নে সক্রিয় ও সমালোচনায় মুখর গণমাধ্যম চায়। পোষ্য গণমাধ্যম গণতন্ত্রকে কবর দেয়।
"সাংবাদিকদের জন্য একটি দিবস করার ব্যাপারেও আলোচনা চলছে। ১৪ ফেব্রুয়ারি সাংবাদিকদের জন্য প্রেস দিবস করার বিষয়টি মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে।"
তথ্যমন্ত্রী বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে ব্যক্তিগতভাবে অথবা লিখিতভাবে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেন। এই আইন নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে।
নবম ওয়েজবোর্ড প্রসঙ্গে ইনু বলেন, "সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে আজ প্রথম সভা বসবে। সভায় প্রিন্ট মিডিয়ার পাশাপাশি টেলিভিশন, রেডিও এবং অনলাইন গণমাধ্যমকে একত্রিত করার বিষয়েও আলোচনা হবে। এ সরকার সাংবাদিকদের অধিকার, কল্যাণ, চাকরি নিরাপত্তা এবং ওয়েজবোর্ড দিয়েছে।"
আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
