২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার আরেফিন হত্যায় ৩ জনের প্রাণদণ্ড

পুরান ঢাকার ব্যবসায়ী আরেফিন আবেদীন খান ওরফে রাজন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত; এছাড়া আরও তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 06:07 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

সোমবার ঢাকার জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মচারী জাহাঙ্গীর হোসেন জয় ও আলমগীর ঢালী।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ আহমেদ ইমন, নাজমুল ও নিয়ামত। এদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে আলমগীর ও ইমন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

নিহত আরেফিন কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটে ‘বিক্রম পাওয়ার ইলেট্রনিক’ নামে এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

রায়ের বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন তিনি। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আরেফিনের মা হোসনে আরা বেগম কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা জানান, মামলার বিচারের সময় রাষ্ট্রপক্ষে ২৮ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

রায়ে বলা হয়, আরেফিনের কাছ থেকে নেওয়া টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করতে আসামিরা তাকে খুন করে।

আসামিদের মধ্যে মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন জয়, আলমগীর হোসেন, মাসুদ আহমেদ ইমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।