২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝন্টুর মৃত্যুতে মন্ত্রিসভার শোক

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ ঝন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 05:06 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে রংপুরের আওয়ামী লীগ নেতা ঝন্টুর মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র, মুক্তিযোদ্ধা ঝন্টুর মৃত্যুতে মন্ত্রিসভা শোকপ্রস্তাব গ্রহণ করেছে। তার মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

রোববার বিকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝন্টু।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ঝন্টু।

গত বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়লেও জাতীয় পার্টির প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন ঝন্টু।

সিটি করপোরেশনের মেয়র হওয়ার আগে তিনি রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।