২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফইউজের একাংশের নির্বাচনে গাজী, আবদুল্লাহ পুনঃনির্বাচিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিএনপি সমর্থক অংশের নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন গাজী নির্বাচিত এবং মহাসচিব পদে এম আবদুল্লাহ পুনঃনির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 10:51 AM

Updated : 19 Aug 2022, 01:40 PM

রোববার গভীর রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ২৩৩ জন কাউন্সিলরের ভোট গণনা শেষে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ‘রুহুল আমিন গাজী-এম আবদুল্লাহ’ পরিষদ ও ‘এম এ আজিজ-জাহাঙ্গীর আলম প্রধান’ পরিষদ নামে দুটি প্যানেলের মোট ৩৯ জন প্রার্থী ১৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২৩৩ জন ভোট দেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন গাজী-আবদুল্লাহ প্যানেলের প্রার্থীরা। আজিজ- প্রধান পরিষদ থেকে কেবল শফিউল আলম দোলন সহকারী মহাসচিব পদে জয় পেয়েছেন।

সভাপতি পদে রুহুল আমিন গাজী পেয়েছেন ১৩৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ ৯৪ ভোট পান ।

মহাসচিব পদে এম আবদুল্লাহর ভোট ১৫৬; তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পান ৭১ ভোট।

সহসভাপতি পদে নুরুল আমিন রোকন (১৬৩ ভোট), মোদাব্বের হোসেন (১৪৮ ভোট) ও শামসুদ্দিন হারুন (১২৮ ভোট)  এবং  সহকারী মহাসচিব পদে আহমদ মতিউর রহমান (১৩৬ ভোট), জিএম আশেক উল্লাহ (১২৮ ভোট) ও শফিউল আলম দোলন (১১৮ ভোট) নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আহমদ মতিউর রহমান শাহিন; তিনি পেয়েছেন ১২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী মাসুদ (১১৭ ভোট), দপ্তর সম্পাদক পদে আবু ইউসুফ (১৩২ ভোট), প্রচার সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ (১২০ ভোট) বিজয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- মুনশী আবদুল মান্নান, কামার ফরিদ, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মোহাম্মদ শাহ আলম শফি, নাসির আল মামুন, এডিএম সাদ বিন রাবী ও সাদিকুল ইসলাম স্বপন।