২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে শিশুদের হাতেখড়ি

গুরুজনদের কোলে বসে শিশুর প্রথম হাতেখড়ি নেওয়া বাঙালি ঐতিহ্যের অংশ বলে বিবেচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 09:56 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হাতেখড়ি জাতীয় পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘হাতেখড়ি উৎসব’।

জাতীয় শিশু একাডেমীতে শুক্রবার বিকালে তিন থেকে ছয় বছর বয়সী শতাধিক শিশুর হাতেখড়ি দিয়েছেন কবি স্থপতি রবিউল হুসাইন ও শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

এই উৎসবে প্রতিবছর দুজন সম্মানীয় গুণী ব্যক্তিত্বের হাত ধরে শিশুদের হাতেখড়ি হয়। এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি জাতীয় পর্ষদের চেয়ারম্যান কামাল লোহানী।

তিনি বলেন, “ছোটবেলায় আমাদের জীবনে দেখে এসেছি চমৎকার আয়োজন আর উৎসবের মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করি। ছেলেমেয়েদের সাজিয়ে হাতেখড়ি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাই গুরুজনের কাছে।”

শুক্রবার উৎসবে রামপুরার বনশ্রী এলাকা থেকে তিন বছরের ছেলেকে নিয়ে এসেছেন আবদুর রহিম হাওলাদার; বললেন, ‘গুরুজনের কাছ থেকে শিক্ষা শুরু হবে-এই উদ্দেশ্যে নিয়ে আসা’। 

উৎসবে চার বছর বয়সী সারিকা জাহিন তাইয়্যেবা মা-বাবার সাথে নারায়ণগঞ্জ থেকে এসেছে হাতেখড়ি নিতে।

একইভাবে আরো শখানেক বাচ্চার মেলা বসেছিল শিশু একাডেমীর হাতেখড়ি উৎসবে।

হাতেখড়ি অনুষ্ঠানের আগে ও পরে শিশুদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খই, বাতাসা ও নিমকি দিয়ে আপ্যায়ন।

অনুষ্ঠানে হাতেখড়ি জাতীয় পর্ষদের পক্ষ থেকে শিশুদের সনদপত্র ও সীতানাথ বসাকের প্রাচীন 'আদর্শলিপি' বই উপহার দেওয়া হয়।

হাতেখড়ি জাতীয় পর্ষদের আহ্বায়ক জাহিদুল হক দীপু, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার সালাম ও অলোক দাস গুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।