২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস: শিক্ষকসহ ৫ জন রিমান্ডে

প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার চার শিক্ষকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 07:04 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

তারা হলেন উত্তরখানের কেমব্রিজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেন, ওই বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক সজীব মিয়া, ওই এলাকার সৃজনশীল কোচিং সেন্টারের শিক্ষক মো. ইব্রাহিম ও মো. এনামুল এবং একটি ফেইসবুক গ্রুপের অ্যাডমিন হাসানুর রহমান ওরফে রকি ভাই।

সোমবার গ্রেপ্তার এই পাঁচজনকে মঙ্গলবার ঢাকার আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে চান তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা উত্তর খান থানার এসআই সাইফুল ইসলাম।

প্রশ্ন ফাঁসের উৎস, প্রশ্ন ফাঁসের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে এদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে যুক্তি দেখান এই পুলিশ কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতের আদেশ দেন।

আসামি তানভীর ও সজীবের আইনজীবী মো. মিজানুর রহমান মোল্লা রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন জানিয়েছিলেন, তবে তা প্রত্যাখ্যাত হয়।

এই আইনজীবী বলেন, “এলাকার কোনো সন্মানিত ব্যক্তির সামনে মোবাইল ফোন জব্দ করা হয়নি। ওই মোবাইল ফোন সেটে আর কী কী ছিল, তা বর্ণনা করেনি তদন্ত কর্মকর্তা। পাবলিক পরীক্ষা আইনের  অনুসরণ করেননি।

“এজাহারে বলা হয়েছে, হাসানুর রহমান অন্য আসামিদের প্রশ্ন দিতেন। এখানে নতুন কোনো তথ্য উদ্ধারের যৌক্তিকতা নেই।”

এই পাঁচজনকে গ্রেপ্তারে পর র‌্যাব কর্মকর্তারা বলেন, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানুর রহমান ‘রকি ভাই’ নামে ফেইসবুক আইডি খুলে চার বছর ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত।

পরীক্ষার দিন ভোরে হাসানুর রহমান ফাঁস হওয়া প্রশ্ন এসব শিক্ষকদের দিতেন এবং শিক্ষকরা খুব কম সময়ের মধ্যে প্রশ্নপত্র সমাধান করে হাতে লেখা উত্তরপত্র সরবরাহ করতেন বলে র‌্যাবের দাবি।

র‌্যাব-৩ এর উপ সহকারী পরিচালক মো. পান্নু মিয়া পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে ওই পাঁচজনের বিরুদ্ধে উত্তরখান থানায় সোমবার রাতেই মামলা করেন।

কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। চলতি এসএসসি পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগেই ফেইসবুকে চলে আসছে।

ব্যাপক অভিযোগের মুখে শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ যাচাইয়ে যে কমিটি করেছে, তার প্রধান স্বীকার করেছেন যে একটি বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন ফাঁস হয়েছে, আরও কয়েকটির কিছু অংশ ফাঁস হয়েছে।