২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বৃহস্পতিবার’

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয় ১২ সদস্যের প্রতিনিধি দলসহ বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 01:51 AM

Updated : 11 Oct 2022, 12:07 PM

বুধবার ঢাকার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের এক অনুষ্ঠানে তিনি বলেন, “মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হবে।”

গত বছর অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার ও বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন হয়েছিল।

আসাদুজ্জামান কামাল বলেন, “ওই কমিটিসহ যেসব বিষয়ে কথা হয়েছিল সেগুলোর অগ্রগতি ও করণীয় বিষয়ে মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।”

এখনও রোহিঙ্গা আসা অব্যাহত থাকা প্রসঙ্গে তিনি বলেন, “আগে হাজারে হাজারে, লাখে লাখে চলে আসত, এখন দুই-একশ করে মাঝে মাঝে আসছে।

“আগের তুলনায় এটা অনেক কমে গেছে। আমরা আশা করি, এটা জিরোতে চলে আসবে কিছুদিনের মধ্যে।”

মিয়ানমারের ১২ সদস্যের প্রতিনিধি দলটি তিন দিনের সফর শেষে ১৭ ফেব্রুয়ারি ফিরে যাবে বলে মন্ত্রী জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আগারগাঁওয়ে কোস্ট গার্ডের কেন্দ্রীয় কার্যালয়ে বাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, “কোস্টগার্ড এখন জলপথে নিরাপত্তা ও আস্থার প্রতীক। তারা সীমিত সম্পদের মধ্যে যে সাফল্য দেখাচ্ছে তা অতুলনীয়। মূলত অবৈধ ও নিষিদ্ধ পণ্য আটকে তাদের সাফল্য চোখে পড়ার মতো।”

কোস্ট গার্ডকে যুগোপযোগী করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “কোস্ট গার্ডের দুটি জাহাজ ইতোমধ্যেই কমিশনিং করা হয়েছে। বাকি দুটি ইতালি থেকে আসছে।”

এছাড়া কোস্ট গার্ডকে সরবরাহের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ ও খুলনায় নতুন, আধুনিক জলযান তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

জাটকা ধরা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড সাফল্য দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালে ৩০ লাখের বেশি ইয়াবা, এক হাজার ৯৭৮ কোটি টাকার জটকা ও মা ইলিশসহ বিভিন্ন চোরাপণ্য আটক করেছে কোস্ট গার্ড।

অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে কোস্ট গার্ডের ৪০ সদস্যকে পদক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে ২২ জন কর্মকর্তা, ১৬ জন নাবিক ও দুই জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী তার বক্তব্যে বাহিনীর সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, “বহির্নোঙ্গর এলাকায় বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা নিশ্চিত করা কোস্টগার্ডের অন্যতম প্রধান দায়িত্ব। তাদের কঠোর নজরদারির কারণে বহির্নোঙ্গর এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ কমে এসেছে এবং আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।