বইমেলায় বাড়ছে পাঠক, বাড়ছে বিক্রি
একুশের বইমেলার দ্বাদশ দিনে এসে বেড়েছে বিক্রি; হা-পিত্যেস করতে থাকা প্রকাশকদের মুখে ফুটেছে হাসি।
তারা বলেছেন, বই বিক্রি বেড়ে যাওয়ার পাশাপাশি এবার মেলায় তরুণ পাঠকদের আগ্রহ ও বিষয় নির্বাচনেও নতুনত্বের দেখা পেয়েছেন তারা।
সোমবার ঠিক সন্ধ্যা নামার আগে প্রিয় মানুষের জন্য পছন্দের বই কিনে নিয়ে নানা বয়সী এই পাঠকের দল অন্যদেরও মেলায় এসে প্রিয়জনকে উপহার দিতে বই কেনার আহ্বান জানান।
রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা এরশাদুল ইসলাম আসেন তার দশম শ্রেণি পড়ুয়া ছেলে অনিককে নিয়ে।
এরশাদুল বলেন, “আমাদের পরিবারে বই পড়ার চল নেই। তবুও আমার ছেলেটি ভীষণ বইপড়ুয়া। পড়ার বইয়ের পাশাপাশি তাকে মুক্তিযুদ্ধ, ইতিহাস এমনকি রাজনীতির নানা বইও কিনে দিচ্ছি। সিলেবাসের বাইরে এসে সে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে।”
ইদ্রিস সরকার তার ছেলেদের জন্য বই কিনে নিতে নিতে বলেন, “বই উপহার দেওয়ার চল তো এখন নেই বললেই চলে। তবে এই প্রজন্ম কিন্তু পড়তে চায়, সাহিত্য-ইতিহাস সম্পর্কে জানতে চায়। এটা সেটা উপহার না দিয়ে বই উপহার দিলে ওরা বড় বেশি উপকৃত হয়।”
একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ফাহিমুল হক স্ত্রী রওশন আরাকে নিয়ে মেলায় আসেন। আলাপচারিতায় তারা জানান, দুজনই পড়তে ভালোবাসেন।
ফাহিমুল বলেন, “বইমেলা ছাড়া কখনও বই কেনা হয় না। বলা ভালো, সময় হয় না আমার। আমার স্ত্রী উপন্যাস পড়তে ভালোবাসেন, আমি ইতিহাস, ফোকলোর। দুজনেই আজ নিজেদের পছন্দের সব বই কিনে নিলাম।”
প্রবাসী তরুণ পাঠক মীরা আনোয়ার বলেন, “আমি বাংলা ভালো পড়তে পারি না। কিন্তু বই পড়ার অভ্যাসটা কিন্তু আমার আছে। আমি এখানে এসে অনুবাদের বই খুঁজছি।”
নীলফামারী থেকে বইমেলা উপলক্ষে ঢাকায় আসা আনিসুর রহমান লাডলা জানান, মেলায় এসে পছন্দের লেখকদের বইগুলো সংগ্রহ করেছেন তিনি।
মফস্বলের এই সাংবাদিক জানান, এবার বইমেলায় তার স্ত্রী সরমিন হক বীথির কাব্যগ্রন্থ ‘স্বপ্নডানা’ এসেছে এবারের বইমেলায়। লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষকের এই কাব্যগ্রন্থটিতে প্রেম, স্বপ্ন ও তার বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনার কথা তুলে এনেছেন তিনি। স্বদেশ-মৃত্তিকার শৃঙ্খলমুক্তির স্বপ্ন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিও তিনি বলে গেছেন বিভিন্ন কবিতায়। মেঘ প্রকাশনী থেকে আসা কাব্যগ্রন্থটিতে ৬৪টি কবিতা রয়েছে।
অন্বেষা প্রকাশনীর স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন বলেন, “বসন্ত উদযাপন ও ভালোবাসা দিবস উদযাপনের আগে পাঠকের সংখ্যা বেড়ে গেছে। এদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। তারা উপন্যাস, সায়েন্স ফিকশনের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্যের দিকেও আগ্রহী হয়ে উঠছে। যত দিন যাচ্ছে, বই বিক্রি বাড়ছে। তেরতম দিনে এসে বই বিক্রি এখন দারুণ বেড়ে গেছে।”
পরে তিনি জানান, এবার তাদের প্রকাশনী থেকে ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ কবিদের বিভিন্ন কাব্যগ্রন্থ এনেছেন।
ইন্তামিন প্রকাশনীর স্বত্বাধিকারী এ এস এম ইউনুস বলেন, “মেলায় পাঠকদের বই কেনার চেয়ে সেলফি তোলার প্রতিযোগিতাই যেন বেশি। তবুও তাদের মধ্যে অনেকে বইও কিনছে। মঙ্গলবার পহেলা ফাল্গুন, পরদিন ভালোবাসা দিবস। এই দুই দিন বই বিক্রয় আরো বাড়বে বলে প্রত্যাশা করছি।”
আগামী প্রকাশনীর ওসমান গণি বলেন, “বারতম দিনে মেলায় বিক্রি এখন বেশ ভালো। আশা করছি, মেলায় বিক্রি আরও বেড়ে যাবে। আশার কথা হল, এবার অনেক তরুণ এসেছে ,যাদের সঙ্গে কথা বলে জানলাম, তারা এবারই বইমেলায় এসেছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তারা গল্প, উপন্যাস কিনে নিয়ে যাচ্ছে। ”
ঐতিহ্য’র ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, “তুলনামূলকভাবে বই বিক্রি বেশ ভালো গিয়েছে আজ। তবে অনেক পাঠক এখনও মেলায় আসেননি। নতুন বইয়ের অপেক্ষায় তারা হয়ত আরও কদিন পরে আসবেন। ভালোবাসা দিবস বা তারপরে মেলায় পাঠক সমাগম আরও বাড়বে বলে আশা করছি।”
তিন তারকার প্রথম উপন্যাস
মেলার ১৩তম দিনে তাম্রলিপি প্রকাশনী থেকে এসেছে চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচের প্রথম উপন্যাস ‘শহরের বারে একজন মাতাল’, অভিনেত্রী আশনা হাবিব ভাবনার উপন্যাস ‘গুলনেহার’ ও প্রিয় মুখ প্রকাশন থেকে এসেছে ক্লোজআপ-ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুলের উপন্যাস ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন’।
তিন তারকাই সোমবার সন্ধ্যায় প্রকাশনীগুলোর সামনে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন। তারকাদের সঙ্গে সেলফি তুলতেও অনেক পাঠক কিনে নিলেন উপন্যাসগুলো।
‘গুলনেহার’ নিয়ে ভাবনা বলেন, “ গুলনেহার- এক অশীতিপর বৃদ্ধার জীবনের ছবি দেখতে বাধ্য করবে। শুধু কী তাই, একজন গুলনেহারের ভেতর দিয়ে আমি সমাজের হাজারো বৃদ্ধ-বৃদ্ধার ছবি দেখাতে চেয়েছি। উপন্যাসটি পড়লে প্রবীন মানুষদের সম্পর্কে সমাজের প্রচলিত মনোভঙ্গি বদলে যাবে।“
সাজিয়া সুলতানা পুতুল বলেন, “দুটি কাব্যগ্রন্থ লেখার পরে এবার প্রথম উপন্যাস লিখছি। এই উপন্যাসে নারী চরিত্রের ভেতর দিয়ে আমি পুরুষতান্ত্রিক মনোবৃত্তির কালো দিকগুলো তুলে ধরেছি।”
এসেছে ‘প্রিয়তমো সুন্দর সময় চলিয়া যায়’
মাজহার সরকার বলেন, “কবিতা যখন নিজের বশে আসে না, তখন কবিতা সম্পর্কে কে কী বলে বা ভাবে তার বশবর্তী হয়ে চলতে হয়। কিংবা আরও এক কাঠি অথর্ব হলে নিজেকেই বলতে হয়, কবিতা হচ্ছে এই রকম। আসলে আমরা যতটুকু বলতে বা লিখতে পারি, এর চেয়ে বেশি মূল্য কবিতার নেই।”
তন্ময় ইমরানের প্রথম গল্প ও উপন্যাসের বই
উপন্যাসটি নিয়ে তন্ময় ইমরান বলেন, “রাজনীতি, পরিবার, ব্যক্তি, লড়াই, দর্শন, যাপিত জীবনের নানা ঘটনা আর অসংখ্য গল্প নিয়ে একটা গল্প বলতে চেয়েছি। উপন্যাসের প্রতিটি চরিত্র আমাদের চারপাশে রয়েছে। এউ উপন্যাসে কোনো চরিত্রের দৈহিক বর্ণনা দেওয়া থেকে আমি বিরত থেকেছি।”
পরে তিনি জানান, ১১৭টি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থ ‘মৃত্যু ও মিডিয়া এক্সপোজার’।
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, নতুন বই এসেছে ১২৫টি। এর মধ্যে বিজয় প্রকাশ এনেছে তারিক সজিবের ‘কোথায় পাব মনের মানুষ, আহমেদ পাবলিশিং হাউস এনেছে আবদুল হাই সিকদারের ‘বাংলা সাহিত্য কোলাহলের বাইরে, সময় এনেছে ড. এস এম ওয়াহিদুজ্জামানের ‘শিরোনামহীন, বটেশ্বর বর্নন এনেছে বদরুজ্জামানের ‘গল্প একাত্তর, অনিন্দ্য প্রকাশ এনেছে মুজাফফর হোসেনের ‘প্রশ্নের বিপরীতে, অ্যাডর্ন এনেছে জুনান নাশিতের ‘দুই বাংলার কথা ও কাব্য।
মূল মঞ্চের আয়োজন
সোমবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিক্ষা সংস্কৃতি সমাজ ও রাষ্ট্র’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করেন রাশেদা কে চৌধূরী, আতিউর রহমান এবং এ. এম. মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুর আহমেদ।
মনজুর আহমেদ বলেন, “শিক্ষার প্রকৃত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে। তবে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিক সমাজেরও করণীয় আছে।”
