কারাগারে ডিভিশন মিলেছে খালেদার
আদালতের আদেশ পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে সাধারণ কয়েদীদের মত রাখার কারণ ব্যাখ্যা করার পর সন্ধ্যায় আদালতের নির্দেশনা হাতে পেয়ে কারা কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
কারা মহাপরিদর্শক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে এ মর্যাদা দেওয়া হয়েছে।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। রায়ের পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার ভবনে নিয়ে যাওয়া হয়।
পরদিন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, একজন সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়েছে সাধারণ বন্দির মতো।
এরপর খালেদার আইনজীবীরা রোববার আদালতে ডিভিশন চেয়ে আবেদন করলে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।
খালেদা জিয়াকে নিয়ে কারাগারে প্রবেশ করছে গাড়ি।
জজ আদালতের নির্দেশনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইফতেখার উদ্দীন বলেন, “টিভিতে দেখেছি একটা অর্ডার হয়েছে কোর্ট থেকে।সেটা হাতে পেলে তখন বিধি অনুযায়ী ব্যবস্খা নেব।”
এরপর বিকাল ৪টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ নয়জন কারা অধিদপ্তরে গিয়ে ডিভিশনের আদেশের বিষয়ে আদালতের আদেশের নথি দিয়ে আসেন এবং সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়াকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার পাশাপাশি তার সেবায় তার গৃহকর্মী ফাতেমাকে কারাগারের রাখার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রায়ের দিনই ফাতেমাকে কারাগারে থাকতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন খালেদার আইনজীবীরা। সেদিন পুলিশ ফাতেমাকে কারাগারে খালেদা জিয়ার কাছে পাঠালেও কারা কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায় বলে কারা মহাপরিদর্শক জানিয়েছিলেন।
