২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গ্রহণ প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর হওয়া উচিত: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত নির্ধারিত সময়ে শেষ করতে অভিযোগ গ্রহণ প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর করার কথা বলেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 05:50 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার দুদক অডিটরিয়ামে ‘দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ’ কারিগরি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান টেকনোহ্যাভেন-জেভি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করছে এশিয় উন্নয়ন ব্যাংক, কোরিয়া এবং বাংলাদেশ সরকার।

সভায় ইকবাল মাহমুদ বলেন, “কমিশনের প্রতিটি অনুসন্ধান বা তদন্ত কিংবা  অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হলে অবশ্যই মনিটরিংয়ের স্বার্থে একটি আইটি বেইজড সিস্টেম চালু করা প্রয়োজন। বর্তমান ম্যানুয়াল পদ্ধতিতে প্রতিটি নথি মনিটরিং করা প্রায় অসম্ভব।”

বর্তমানে অভিযোগ গ্রহণের ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম অনুসরণ করা হয় জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “কমিশন চায় এমন একটি প্রযুক্তিনির্ভর পদ্ধতি, যার সাহায্যে যে অভিযোগ গ্রহণ করা সমীচীন কেবল সেই অভিযোগটেই গ্রহণ করা যায়। ”

কমিশনের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা বৃদ্ধিতে ‘দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

কমিশনের সম্পদ পুনরুদ্ধার ইউনিটের কার্যক্রমের সীমাবদ্ধতার কথা জানিয়ে একটি সার্বজনীন নীতিমালা প্রয়োজনের কথা তুলে ধরেন ইকবাল মাহমুদ।

“অতীতে দেশের অনেক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের মামলার কারণে বন্ধ হয়ে গেছে, এটি দুর্ভাগ্যজনক। কমিশনের কর্তব্য হবে প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক রেখে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া। এটি বাস্তবায়নে সম্পদ পুনরুদ্ধার ইউনিটের একটি সার্বজনীন নীতিমালা প্রয়োজন।”

সভায় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, “দুর্নীতি পরায়নদের বিচার করার চেয়ে দুর্নীতি প্রতিরোধই উত্তম। এক্ষেত্রে প্রযুক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

তিনি বলেন, “যদি কমিশনের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত ডেটা, তথা অভিযোগ সংক্রান্ত তথ্য থাকে তবে এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি করা সহজ হবে। পাশাপাশি  অপরাধীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত বিচারের মুখোমুখি করা সম্ভব।”

সভায় অন্যদের মধ্যে টেকনোহ্যাভেনের কনসালটেন্ট ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. আবুল হাসান মনযুর মান্নান, দুদক সচিব মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল বক্তব্য দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সাত কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাই, অনুসন্ধান, তদন্ত, প্রতিরোধ ও মামলা পরিচালনার কাজে নিবিড়ভাবে তদারকির জন্য ওয়েবভিত্তিক সফটওয়্যারের সংযোজন।

২০২০ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে।