২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর কাস্টম হাউজে দেয়াল ধসে নিহত ১

ঢাকার বিমানবন্দর কাস্টম হাউজের সীমানায় একটি পয়নিষ্কাশন নালা নির্মাণের সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 11:27 AM

Updated : 08 Apr 2022, 05:52 PM

বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নালার দেয়াল ধসে পড়লে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

তাদের মধ্যে মোস্তফা নামে ৫০ বছর বয়সী এক মাটিকাটা শ্রমিককে বাংলাদেশ মডিকলের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিমানবন্দর কাস্টম হাউজের একজন কর্মকর্তা জানান, একটি ড্রেইনের নির্মাণ কাজ চলার মধ্যে নালার লাগোয়া পুরনো দেয়াল ধসে পড়ে। নালায় পানি থাকায় ড্রেনের ভেতরে থাকা শ্রমিকদের সরাতে গিয়ে বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

“এটা ছিল ২০ ফুট উঁচু একটা পুরানো দেয়াল। তার পাশে একটি নতুন দেয়াল তোলা হচ্ছিল। পুরানো দেয়ালটি ধসে পড়েছে। আমরা ভাঙা দেয়ালটা সরানোর কাজ করছি।”

ওসি নূরে আজম বলেন, ড্রেন থেকে ধসে পড়া দেয়ালের অংশ সরানোর পর বোঝা যাবে, ঠিক কতজন এ ঘটনায় আহত হয়েছে।