২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম মানছেন না অনেক প্রকাশক

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি নীতিমালা করলেও তা মানছেন অনেক প্রকাশক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 10:43 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

নির্বিঘ্নে অন্য প্রকাশনীর বই বিক্রি চলছে স্টলে স্টলে, অনুবাদ প্রকাশকের ক্ষেত্রে লেখকের অনুমতি নেওয়ার শর্ত থাকলেও তা ধার ধারেননি অনেকে।

নীতিমালা লংঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য গ্রন্থমেলা পরিচালনা কমিটির সমালোচনা করেছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির নেতারা।

গ্রন্থমেলার নীতিমালার ৬.১ ধারায় বলা হয়েছে, অনুবাদের বই প্রকাশের ক্ষেত্রে মূল লেখক বা প্রকাশকের অনুমতিপত্র থাকতে হবে বাংলাদেশের প্রকাশকদের। অনুমতিপত্রের একটি অনুলিপি কপিরাইট বোর্ডেও জমা দেওয়ার নিয়ম রয়েছে।

অধিকাংশ প্রকাশক এই নিয়ম মানছেন না জানিয়ে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য ও বাংলা একাডেমির অনুবাদ শাখার পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “তারা যেখান থেকে পারছেন অনুবাদ করছেন, অনেকে পুরাতন অনেক অনুবাদ নতুন করে ছেপে যাচ্ছেন। এসব অনুবাদ পড়ে পাঠকও বিভ্রান্ত হন, মূল বইয়ের স্বাদ তারা পাচ্ছেন না।”

কপিরাইট আইনের ৫২ ধারা অনুযায়ী যে কোনো বই অনুবাদের ক্ষেত্রে কতগুলো বিষয় মেনে চলতে হবে। যেমন, কোনো বই প্রকাশের ন্যূনতম পাঁচ বছরের মধ্যে সেটার অনুবাদ করা আইনের পরিপন্থি। লেখাটি প্রকাশের পরে অন্তত পাঁচ বছর পার হলে নির্ধারিত ফি জমা দিয়ে কপিরাইট অফিসের মাধ্যমে উক্ত লেখক বা প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হয়। যদি বইটি বাণিজ্যিক না হয় শুধু শিক্ষা বিস্তারে ব্যবহৃত হয় তবে সেটির অনুবাদের অনুমতি গ্রহণের জন্য ন্যূনতম তিন বছর অপেক্ষা করতে হবে।

এই বিধানেরও ব্যত্যয় ঘটছে জানিয়ে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য ও কপিরাইট বোর্ডের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, “যে কোনো বই আন্তর্জাতিক বাজারে বেস্ট সেলার হলেই নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশনা সংস্থাগুলো সেগুলো অনুবাদ করছে। আইন অনুযায়ী শুধু লেখকের মৃত্যুর ৬০ বছর পরে তার লেখা কেউ এভাবে ছাপাতে পারবে, অন্যথায় নয়। প্রকাশকরা এসব নীতিমালা জানেন, কিন্তু তারা মানতে চান না।”

এ বিষয়ে ঐতিহ্য প্রকাশনীর মালিক আরিফুর রহমান নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় আসা আমাদের সবগুলো অনুবাদের বইয়ের ক্ষেত্রে আমরা সব সময় মূল প্রকাশকের অনুমতি নিয়েছি।  যেগুলো পাবলিক ডোমেইন হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও আমরা যথেষ্ট সতকর্তা অবলম্বন করি। আমাদের প্রকাশনী থেকে ক্ল্যাসিক সিরিজ যেগুলোর অনুবাদ হয়েছে, তা আমরা মূল প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে তবেই কাজ শুরু করেছি। অনুবাদের মান যেন আরও ভালো হয়, সেদিকেও আমরা লক্ষ রাখি।”

গ্রন্থমেলা নীতিমালার ৬.৪ ধারায় বলা হয়েছে, গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কেবল তাদের নিজেদের প্রকাশিত ও পরিবেশিত বই বিক্রি করতে পারবে। পরিবেশিত বই একাধিক স্টলে থাকা যাবে না। যেসব প্রকাশনী স্টল পায়নি তাদের বইগুলো জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বিক্রির সুযোগ রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে তার উল্টো চিত্র।

মেলার চতুর্থ দিনে হাওলাদার প্রকাশনী বিক্রি করছিল বুক সেন্টারের রাহুল সাংকৃত্যায়নের ‘ভোল্গা থেকে গঙ্গা’ বইটি, জেব্রা ক্রসিং প্রকাশনী বিক্রি করেছে ঘাসফুল প্রকাশনীর ‘চিহ্ন ফেলে যাই’, নক্ষত্র প্রকাশনী থেকে বিক্রি হচ্ছিল বাংলাদেশ লেখিকা সংঘের ‘ভ্যানিটি ব্যাগ, সানগ্লাস ও গয়না’ শীর্ষক রম্য রচনা। সাঁকোবাড়ি প্রকাশনী থেকে বিক্রি হচ্ছিল বাংলা গবেষণা প্রকাশনা সংস্থার ‘১৯৭১ পরাজয় ও আত্মসমপর্ণের পাকিস্তানি মূল্যায়ন’ গবেষণা গ্রন্থটি।

বুক সেন্টার ও বাংলা গবেষণা প্রকাশনা কারও নিজেদের স্টল নেই।

অন্যদিকে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে ঢুঁ মেরে দেখা গেল, এবার মেলায় আসা নতুন বইয়ের কোনো কপিই তাদের কাছে নেই। বিক্রেতারা জানান, যাদের স্টল নেই তাদের বই এখানে প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকলেও কেউ আগ্রহ দেখাচ্ছে না।

নীতিমালার ১০.২- এর ধারায় বলা হয়েছে, লেখকের সঙ্গে চুক্তিপত্রের অনুলিপি এবং প্রকাশিত বইয়ের কপি জাতীয় আর্কাইভস ও  গ্রন্থাগার অধিদপ্তরে জমা দেওয়ার প্রত্যয়নপত্র থাকতে হবে।

এ বিষয়ে সচেতনতা কিছুটা বাড়লেও এখনও প্রকাশকদের অনেকের মধ্যে অনীহা রয়ে গেছে বলে জানান জাতীয় আর্কাইভস ও  গ্রন্থাগার অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জামান উদ্দিন।

তিনি বলেন, “৮০ শতাংশ প্রকাশক এবার প্রত্যয়নপত্র নিয়েছেন। ৭০ শতাংশ প্রকাশক তাদের নতুন বইয়ের কপিও জমা দিয়েছেন। কিন্তু বাকি ২০-৩০ শতাংশ প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে আমরা সদুত্তর পাইনি। যারা নীতিমালা মানছে না, তারা কখনোই মানতে চায় না। ”

নীতিমালার ১০ এর ১ ধারা অনুযায়ী অংশগ্রহণের যোগ্যতায় উল্লেখ করা হয়েছে, “যে সব পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান সর্বমোট একশতটি অথবা ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত কমপক্ষে পঁচিশটি মানসম্মত এবং নতুন প্রকাশকদের ক্ষেত্রে গত পাঁচ বছরে পঞ্চাশটি তন্মধ্যে বিশটি মানসম্মত সৃজনশীল সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাধর্মী বই প্রকাশ করেছে তাদের স্টল বরাদ্দ দেয়া হবে।”

এই বিধান লংঘনের অভিযোগ তুলে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক বলেন,  “অনেক প্রকাশনী একেবারেই নিম্নমানের বই নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। অনেকের নিজেদের কোনো বই নেই। বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে তারা মেলায় আসছে। এদের ব্যাপারে আমরা সমিতির পক্ষ থেকে মেলা পরিচালনা কমিটিকে বারবার জানিয়েছিলাম। কিন্তু কোনো ভূমিকাই নেই সেই কমিটির। এভাবে মেলার সৌন্দর্য্য নষ্ট হয়।”

গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “মেলার আগে বাংলা একাডেমির একটি কমিটি ২০১৭ সালে মেলায় আসা বইগুলো নিরীক্ষা করে দেখেছে। তাদের বিবেচনায়  যেসব প্রকাশনীর বই মানসম্মত মনে হয়েছে, তাদেরই আমরা এবার স্টল বরাদ্দ দিয়েছি। এবারও আমরা মানসম্মত বইয়ের দিকে নজর রাখছি। মেলা মাত্র চতুর্থ দিনে পড়ল, আমরা আশা করছি, প্রকাশকরা মানসম্মত বই পাঠকদের উপহার দেবেন।”

নতুন বই

রোববার মেলার চতুর্থ দিনে গ্রন্থমেলায় এসেছে ১১১টি নতুন বই।

এর মধ্যে ইন্তামিন প্রকাশন এনেছে অসীম সাহার ‘পাজর ভাঙার শব্দ’, অবসর এনেছে নির্মলেন্দু গুণের ‘একটি সন্তান সম্ভবা পাখির গল্প’, অনিন্দ্য প্রকাশ এনেছে মোস্তফা মনোয়ারের ‘মনজংশন’, লিয়াকত হোসেন খোকনের  ‘বাংলাদেশ ভ্রমণ গাইড’, ইকবাল খন্দকারের ‘গলাকাটা গোয়েন্দা’; যুক্ত এনেছে করুণাময় গোস্বামির ‘লাহোরে রহিম খের’, আফসার ব্রাদার্স এনেছে ফারুক আহমেদের ‘কুয়াশায় ঢাকা স্বপ্ন’, আগামী থেকে এসেছে সুধাংশু শেখর বিশ্বাসের ‘সোনালী ডানার চিল: কৈশোর, শৈশব’, অন্বেষা এনেছে নানজিবা খানের ‘অটিস্টিক শিশুরা কেমন হয়’, উৎস প্রকাশনী থেকে এসেছে মুজিবের ‘এক যে ছিলো শীত ও অন্যান্য গল্প’, সাহস এনেছে সাঈয়েদ জামিলের ‘বহুদূর পাখীপুর’, বলাকা প্রকাশন এনেছে আরজু মুনের ‘স্পর্শের আড়ালে তুমি’, আইন ও সালিশ কেন্দ্র এনেছে গবেষণা গ্রন্থ ‘শিশু ও শিশুর অধিকার’, অনন্যা এনেছে মহাদেব সাহার ‘অনন্তের বাশি’।