২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার আহ্বান রাষ্ট্রপতির

ভর্তিচ্ছুদের সময় ও অর্থ ব্যয় কমাতে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 09:09 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

শিক্ষা মন্তণালয়ের এই ধরনের উদ্যোগ সফল না হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি প্রতিনিধি দলকে পেয়ে এই আহ্বান জানান তিনি।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপ্রধান আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করতে যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, "ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দুর্দশা কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।”

বর্তমানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা হয়। ফলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষা দিতে আলাদা আলাদাভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম কিনতে হয়, তারপর পরীক্ষা দিতে ছুটতে হয় দেশের নানা প্রান্তে।

রাষ্ট্রপতি নারী শিক্ষার্থীদের সমস্যা, ভর্তি পরীক্ষার সময় মসজিদে অবস্থানসহ বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরেন। এর অবসানে ভর্তি পরীক্ষার সমন্বিত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তিনি।

মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য একটি পরীক্ষায় অংশ নিতে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ কয়েক বছর আগে নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্বায়ত্তশাসিত এসব বিশ্ববিদ্যালয় তাতে সাড়া দেয়নি।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নানও ছিলেন।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে সময় উপযোগী পাঠ্যক্রম বাস্তবায়ন করার আহ্বান জানান।

শিক্ষকদের শিক্ষার্থীদের গড়ে তোলার মূল কারিগর উল্লেখ করে রাষ্ট্রপতি শিক্ষকদের প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও আবদুল হামিদ জানিয়েছেন বলে প্রেস সচিব জানান।

নতুন বিভাগ খোলার ক্ষেত্রে চাহিদার দিকে নজর রাখতেও উপাচার্যদের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনার প্রেক্ষাপটে ছাত্র-শিক্ষক সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতেও উপাচার্যদের বলেন আবদুল হামিদ।