২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপিডিসির ২ কর্মকর্তার চেক জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে দুদক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি)  দুই কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 05:37 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার দুদকের কমিশন বৈঠকে এই অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ ও  জ্যেষ্ঠ হিসাব সহকারী কর্মকর্তা মো. শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই অনুসন্ধান হচ্ছে বলে তিনি জানান।

অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর এই দুই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

প্রণব বলেন, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে। এতে সদস্য করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনীকে।

ডিপিডিসর দুই কর্মকর্তা সংশ্লিষ্টদের সহযোগিতায় ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৬৪৬টি চেক জালিয়াতি ও ১২৬টি ভুয়া ভাউচারের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা থেকে তিন কোটি ৪৯ লাখ ২০ হাজার ৯৯৬ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ডিপিডিসির বিভাগীয় তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।