নৌবাহিনীর বার্ষিক মহড়া সমাপ্ত
বঙ্গোপসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া বুধবার শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু থেকে সমাপনী দিনের মহড়া দেখেন।
কুতুবদিয়া থেকে প্রায় ৫৫ কিলোমিটার ভেতরে বঙ্গোপসাগরে সমাপনী দিনের মহড়া হয়।
১৩ জানুয়ারি নৌবাহিনীর বার্ষিক মহড়া শুরু হয়। ১৮ দিনব্যাপী এ মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফট, মিসাইলবোটসহ নানা ধরনের যুদ্ধজাহাজ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গঠিত বিশেষ নৌ কমান্ডো দল সোয়াডস ও নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্টোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়।
এছাড়া বাংলাদেশ সেনা বাহিনী, নৌবাহিনাী ও কোস্টগার্ডসহ বিভিন্ন মেরিটাইম সংস্থা অংশ নেয়।
মোট তিনটি ধাপে অনুষ্ঠিত এ মহড়ায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ হতে দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণ, সাবমেরিন বিধ্বংসী গোলা নিক্ষেপ, বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণ করাসহ নৌ যুদ্ধের বিভিন্ন কৌশল দেখানো হয়।
সমুদ্র এলাকায় নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাগুলোর প্রতিরক্ষা মহড়া পরিচালিত হয়।
এবারের মহড়ার প্রতিপাদ্য বঙ্গোপসাগরের বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষাসহ সমুদ্র সম্পদের হেফাজত, মানবপাচার ও চোরাচালাব রোধ, জেলেদের নিরাপত্তা বিধান ও উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ।
তারিক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান নৌবাহিনী ১০ বছর আগের নৌবাহিনী আকাশ পাতাল তফাৎ। প্রায় ১০ গুণ শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে।
মহড়ায় নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
