নাটোরে ভূমিকম্প
মৃদু এক ভূমিকম্প কাঁপিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলকে, যার কেন্দ্র ছিল নাটোর।
মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে নাটোর জেলায়।
“রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২, যা মৃদু ভূমিকম্প।”
ভূপৃষ্ঠের সোয়া ৩ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পের ফলে আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হয়।
সর্বশেষ গত ২০ জানুয়ারি মৃদু একটি ভূমিকশ্পে কেঁপে উঠেছিল উত্তরাঞ্চল। তার কেন্দ্র ছিল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে ভারতের আসাম রাজ্যে।
